কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মালামাল চুরি

বরিশাল নগরীর কাশিপুরে একটি গ্যাসের গোডাউনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এসময় গোডাউনের তালা কেটে ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের গ্যাসের সিলিন্ডার ও ব্যাটারি চুরি করে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চোরচক্র।
গত ২২ অক্টোবর রাত আনুমানিক ২টার দিকে নগরের কাশিপুর সুরভী পাম্প সংলগ্ন আবদুল্লাহ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী নিজাম রহমান সরদার এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিজাম সরদার ঐ এলাকার শাজাহান সরদারের ছেলে।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর রাত আনুমানিক ২টার দিকে ৫-৬ জনের একটি অজ্ঞাতনামা চোরচক্র কাশিপুর সুরভী পাম্প সংলগ্ন আবদুল্লাহ সড়ক এলাকায় নিজাম সরদারের গ্যাসের গোডাউনের তালা কাটে। পরে তারা গোডাউনে থাকা ৮২ পিস ভরা গ্যাসের সিলিন্ডার, ৩২পিস খালি সিলিন্ডার এবং অটোরিকশার ৭ পিস মূল্যবান ব্যাটারিসহ আনুমানিক সাড়ে চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নিজাম সরদার জানান, রাতের আঁধারে সংঘবদ্ধ চক্রটি পরিকল্পিতভাবে এই চুরি সংঘটিত করেছে। সকালে গোডাউনের তালা কাটা দেখে বিষয়টি টের পেয়ে তিনি দ্রুত স্থানীয় থানা পুলিশকে বিষয়টি জানান।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সত্যতা যাচাই এবং জড়িতদের সনাক্ত করে লুন্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের একটি দল কাজ শুরু করেছে।
এইচকেআর