নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন

বরিশাল নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন।
সোমবার (১৯ অক্টোবর) পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে দেশের সব মানুষ সমান এবং সবার অধিকারও সমান। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য তাঁরা পাশে আছেন। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় তাঁর সঙ্গে মহানগর বিএনপিসহ সংগঠনের ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।