বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মনজুর (সুমন) এমপি বলেছেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি আন্দোলনে সব ধর্মের মানুষ সমানভাবে অংশগ্রহণ করেছেন। প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালন ও মৌলিক অধিকার ভোগ করার সমান অধিকার রয়েছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সকলের নিজ নিজ ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সকল পূজা মন্দির ও মণ্ডপে বিশেষ আর্থিক অনুদান ও উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গোৎসব যেন প্রতিটি পূজামণ্ডপে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ দেরকেও সার্বিক বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। এ এলাকাকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত রাখতে জনগণের সার্বিক সহযোগিতা প্রয়োজন। কোথাও কোনো অনিয়ম, দুর্নীতি বা আইনশৃঙ্খলাসংক্রান্ত সমস্যা দেখলে নির্ভয়ে প্রশাসনকে কিংবা সরাসরি আমাকে জানাবেন। তথ্যদাতার গোপনীয়তা রক্ষা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
পরে উপজেলার সকল পূজা মন্দির ও মন্ডবের সভাপতির হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং প্রতিমন্ত্রীর ব্যক্তিগত থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ এবং কিছু বস্ত্র বিতরণ করেন।
এ উপলক্ষে এক আলোচনা সভায় উপজেলা ও পৌর প্রশাসক ইউএনও মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান, প্রবীণ সমাজসেবক মো.জুলফিকার আলী হায়দার হাওলাদার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জমাদ্দার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জোমাদ্দার প্রমুখ।
এসময় সকল পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এইচকেআর