নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
রোববার রাতে তিনি নগরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালীমাতা ঠাকরানী মন্দির, শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়া মন্দির, প্রাঙ্গণ কুটির মন্দির,চার্চ ওয়ার্ড সর্বজনীন দুর্গা মন্দির,জগন্নাথ দেবের মন্দির,বাজার রোড শ্রী শ্রী কালী মাতার মন্দির পরিদর্শন করেন।
এ সময় তিনি মন্দির ও মণ্ডপগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং সেখানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও আয়োজকদের সাথে কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে বিসিসি প্রশাসক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে উৎসবমুখর পরিবেশে সবাই যেন নিরাপদে ও আনন্দঘন মনে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে বিষয়ে প্রশাসন ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা রয়েছে।
এ সময় স্থানীয় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এবং মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এইচকেআর