ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

গতি বাড়ছে ‘ইয়াস’র, ২ নম্বর সংকেত

গতি বাড়ছে ‘ইয়াস’র, ২ নম্বর সংকেত
ছবি সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ইয়াস গতি বাড়িয়েছে। গত ৬ ঘণ্টায় ইয়াস ঘণ্টায় ৭ কিলোমিটার বেগে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে। এটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে বলে ধারণা আবহাওয়াবিদদের। আগামী ১২ ঘণ্টায় শক্তি সঞ্চয় করে ইয়াস প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে। তার পরের ২৪ ঘণ্টায় আরও শক্তি নিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে উঠবে।

সোমবার সন্ধ্যায় ভারতের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ইয়াস ভারতের ওড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকার মাঝামাঝিতে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে।

পরে ইয়াস আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ২৬ মে সকালের দিকে ওড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি পৌঁছবে। ওই দিন দুপুরের দিকে ওড়িষ্যার পারাদ্বীপ এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যে ওড়িষ্যার বালাসোরের কাছ দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।

২৬ মে বিকাল বা সন্ধ্যায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইয়াস। সেসময় পূর্ণিমা থাকায় জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এখন পর্যন্ত ঘূর্ণিঝড় ইয়াসের গতিমুখ ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার দিকে। তবে কোনো কারণে এর গতিপথ পাল্টে গেলে এটি বাংলাদেশের উপকূলে বড় ধরনের আঘাত হানতে পারে। 

ঘূর্ণিঝড় ইয়াস ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। বাতাসের গতিবেগ ৬২ কিলোমিটার। যা ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঝড়টি আইলা বা আম্পানের মতো সুপার সাইক্লোনে রূপ নেওয়ার সম্ভাবনা নেই।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারি সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন