ঢাকা রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

Motobad news

বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে  এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন সভাপতিত্ব করেন।

এসময় পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুফল চন্দ্র গোলদার, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন জেলার উন্নয়নে আমাদের সকলের সমন্বিতভাবে কাজ করা ছাড়া কোন বিকল্প নেই। এক্ষেত্রে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করতে হবে। এসময় তিনি জনগণের দৌড়গোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

দেশের হাম পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সমাজে হাম টিকার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে পারলে এ রোগ সহজেই প্রতিরোধ করা সম্ভব। টিকা গ্রহণই হাম প্রতিরোধে বেশি কার্যকর ভূমিকা পালন করবে এটা সাধারণ জনগণকে বুঝাতে হবে। এসময় তিনি টিকা গ্রহণে শিশুদের অভিভাবকদের উদ্বুদ্ধ করতে মাঠ পর্যায়ে কর্মরত সরকারি দপ্তরগুলোকে প্রচারণা চালিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন।

 জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে ধরে জেলা প্রশাসক বলেন, জ্বালানি ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে। অপ্রয়োজনীয়ভাবে বিদ্যুৎ ব্যবহার বন্ধ করার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে। এছাড়াও পরিবহন ব্যবহারের ক্ষেত্রে জ্বালানি সাশ্রয়ী যানবাহন বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।

জনগণের নিরাপত্তা ও চলাচলের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে তিনি বলেন, সড়ক ও ব্রিজের মেরামতসহ নির্ধারিত সময়ে সকল প্রকল্পের কাজ বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে আমাদের স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি উল্লেখ করে তিনি বলেন, এ থেকে মুক্তি পেতে আমাদের সকলকে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে।  


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন