বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা

বরিশালে জমি দখলের উদ্দেশ্য একটি বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের বিরুদ্ধে।
রোববার (১৯ এপ্রিল ) বেলা ১১টায় বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন নগরের সিএন্ডবি রোড এলাকার বাসিন্দা মোহাম্মদ আল আমিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন তার ছোট ভাই মোহাম্মদ আরিফ শারীরিক প্রতিবন্ধী। পৈত্রিক সূত্রে বগুড়া আলেকান্দা মৌজার জেএল নম্বর ৫০, এসএ খতিয়ান নম্বর ১৫৮১ এবং এসএ দাগ নম্বর ৯৭১ অনুযায়ী ৪.৯২ শতাংশ জমির মালিক তারা। সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।
তিনি বলেন জমি থেকে উচ্ছেদ করতে রাজনৈতিক প্রতিপক্ষের একটি চক্র নানা ষড়যন্ত্র করছে। জমি দখলের উদ্দেশ্যে গত ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব ও মৃত মোতালেব মল্লিকের ছেলে মোহাম্মদ রুহুল আমিন মল্লিকের নেতৃত্বে তাদের বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা।
তার সঙ্গে ছিলেন জিলা স্কুলের সাবেক শিক্ষক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক হেলাল, মৃত আকবর আলীর স্ত্রী মোসাম্মৎ মাহফুজা বেগম, মো. কামাল, মোহাম্মদ ফারুক, মো. হারুন, মোহাম্মদ শামীম হাওলাদার, মো. জাকির, মোহাম্মদ জব্বার মল্লিক, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ জাকির হাওলাদার সহ ২০-২৫ জন অজ্ঞাত ব্যক্তি।
হামলায় তার মা নুরজাহান বেগম, স্ত্রী হাবিবা বেগম, প্রতিবন্ধী ভাই আরিফসহ তিনি নিজেও আহত হন। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, এর আগেও ২০২৫ সালের ১৭ মে একই চক্র জমি দখলের উদ্দেশ্যে বসতঘরের সামনে বালু ফেলে এবং বিভিন্ন সময় হুমকি দেয়াসহ আমাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি ও ভাঙচুরের মামলা দিয়ে হয়রানি করেছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর দাবি, জমি সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে দায়ের করা সিভিল রিভিশন মামলা (৬৯১/২০২৫)-এ আদালত নিষেধাজ্ঞা জারি করেছেন, যা এখনও বলবৎ রয়েছে। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষ জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি অভিযোগ করেন, বিষয়টি নিয়ে আদালত, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়ার পরও প্রতিপক্ষ আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং খুন-জখমসহ এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে। এতে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান তিনি।
বিএনপির নাম ভাঙিয়ে যারা এ ধরনের অপকর্ম করে বেড়াচ্ছেন তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের কাছে সুষ্ঠু বিচার দাবী করেছেন ভুক্তভোগী মোহাম্মদ আল আমিন।
এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, দলীয় পদ ব্যবহার করে কোন অন্যায় করলো অবশ্যই সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেয়া হবে।
এইচকেআর