বাকেরগঞ্জে বিপুল সংখ্যাক নকল সিগারেট জব্দ, একজন আটক

বাকেরগঞ্জ উপজেলায় শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের উদ্দেশ্যে মজুত রাখা বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় মনিরুজ্জামান সাগর (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র গোপনে নকল সিগারেট মজুত করে স্থানীয় বাজারসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এতে একদিকে যেমন সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল, অন্যদিকে নিম্নমানের এসব পণ্য জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি করছিল।
(১৮ এপ্রিল) শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন বরিশাল। অভিযানে একটি গোডাউন তল্লাশি করে প্রায় ৮ লাখ ৪৪ হাজার ২০০ টাকা মূল্যের ৫ হাজার ৭০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। উদ্ধারকৃত সিগারেটগুলো দেখতে নামিদামি ব্র্যান্ডের মতো হলেও সেগুলো সম্পূর্ণ নকল বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, শুল্ক-কর ফাঁকি দিয়ে এসব নকল সিগারেট অবৈধভাবে বাজারজাতের জন্য মজুত করা হয়েছিল। একটি সংঘবদ্ধ চক্র এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জব্দকৃত সিগারেটগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অধিদপ্তর বরিশালের নিকট হস্তান্তর করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে কোস্ট গার্ড জানায়, দেশের অর্থনীতি রক্ষা ও অবৈধ বাণিজ্য প্রতিরোধে তাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের নকল পণ্যের বিস্তার রোধে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ জরুরি। একই সঙ্গে এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।