বরিশালের যুবক গৌরনদীর জনপদে ছিনতাইয়ের কবলে, গুরুত্বর আহত

গৌরনদী পৌরসভার কাসেমাবাদ-গেরাকুল গ্রামের মধ্যবর্তী এলাকায় তানভির হোসেন সিফাত (৩০) নামের বেঙ্গল বিস্কুট কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ সময় ছিনতাইকারীদের মারধরে তিনি গুরুত্বর আহত হয় এবং সাথে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে স্থানীয়রা আহত বিক্রয়কর্মীকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ।
ঘটনাটি ঘটেছে (১২ এপ্রিল) রবিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে। আহত তানভির বরিশাল নগরীর সরদারপাড়া এলাকার বাসিন্দা। তিনি বেঙ্গল বিস্কুট কোম্পানির মাহিলাড়া এলাকার ডিলার স্বপন কুমার বেপারীর ডিএসআর পদে কর্মরত।
স্থানীয়রা জানান, রবিবার রাত সাড়ে আটটার দিকে কাসেমাবাদ-গেরাকুল গ্রামের মধ্যবর্তী বড় সরদারবাড়ি সংলগ্ন এলাকার রাস্তার পাশ থেকে গুরুত্বর অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার হাতে ব্লেড দিয়ে কাটার চিহ্ন রয়েছে। কাঁপা কাঁপা স্বরে ওই যুবক জানিয়েছেন, তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করা হয়েছে। ছিনতাইকারীরা তার সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, বিষয়টি তাদের জানা নেই। তবে এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।