ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন

ঢাকা থেকে বরিশালগামী একটি চলন্ত বাসে হঠাৎ আগুন লেগে সম্পূর্ণ যানটি পুড়ে গেছে। এ ঘটনায় একজন মারা গেছে। গতকাল রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অকস্মাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা আতঙ্কিত হয়ে বিভিন্নভাবে ছুটোছুটি করতে থাকে। গাড়িটি পুরোপুরি থামার আগেই অনেক যাত্রী জীবন বাঁচাতে লাফিয়ে নামার চেষ্টা করেন। এ সময় একজন যাত্রী লাফ দিতে গিয়ে বাসের চাকার নিচে পড়ে যান।
এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন জমাদ্দার বলেন, “আমরা ঘটনাস্থলে এসে জানতে পারি, গাড়িতে আগুন লাগার পর যাত্রীরা দ্রুত নামার চেষ্টা করেন। গাড়ি থামানোর আগেই অনেকে লাফিয়ে নামতে গেলে একজন চাকার নিচে পড়ে যায়। পরে আমরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করি, কিন্তু ততক্ষণে তিনি মারা যান। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।”