ঢাকা রবিবার, ১২ এপ্রিল ২০২৬

Motobad news

তেল মজুদ বা দাম বাড়ানো হলে কঠোর ব্যবস্থা: জেলা প্রশাসক   

তেল মজুদ বা দাম বাড়ানো হলে কঠোর ব্যবস্থা: জেলা প্রশাসক   
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেছেন কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে তেল মজুদ করার মাধ্যমে বাজারে সংকট সৃষ্টি করছে। ফলে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। কোথাও অস্বাভাবিকভাবে তেল মজুদ বা দাম বাড়ানো হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি লাইসেন্স বাতিল করতে হবে। এসময় তিনি তেল মজুদ বা কৃত্রিম সংকটকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান।

রোববার সকাল ১০টায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা  বলেন। জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন। 

এসময় পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসাসহ সামরিক বাহিনীর কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিতিত ছিলেন।

 
জেলা প্রশাসক বলেন, মব বা জনতার হঠাৎ উত্তেজনার বিষয়টি নিয়ে সতর্ক থাকতে হবে। মাদকবিরোধী অভিযান, রাজনৈতিক বিতর্ক বা সামাজিক দ্বন্দ্বের সময়ে জনতা যেন হঠাৎ উত্তেজিত হয়ে মব তৈরি করতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে।

 
মাদক নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়ে তিনি বলেন, যুব সমাজ যেন মাদকের ভয়াল নেশায় তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট না করে সেব্যাপারে সচেতন থাকতে হবে। মাদক গ্রহণের ফলে তাদের বোধশক্তি লোপ পায়। এতে পরিবারে অশান্তি, নির্যাতন ও ঝগড়ার পাশাপাশি খুন করার প্রবণতাও দেখা যায়। মাদকের কারণে যাতে সমাজে বিপর্যয় না ঘটে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। এছাড়াও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে বলে এসময় তিনি মন্তব্য করেন।

 
উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, ব্যাটারি চালিত রিকশা আইনত অনুমোদিত নয়। অবৈধ অটোরিকশা শহরের প্রধান সড়কে যানজট সৃষ্টি করার পাশাপাশি প্রায়ই নিয়ম ভঙ্গ করে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। এ রিকশাগুলো মেইন লাইন থেকে অবৈধভাবে চার্জ দেয়ার ফলে বিদ্যুৎ বিভ্রাট বৃদ্ধি পেয়েছে। এ অবৈধ যানগুলো বৈধ পরিবহন খাতকে ক্ষতিগ্রস্ত করছে বলেও বক্তারা অভিমত ব্যক্ত করেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন