আগৈলঝাড়ায় এগিয়ে চলছে মেডিকেল এসিসস্ট্যান্ট ট্রেনিং স্কুলের কাজ

বরিশালের আগৈলঝাড়ায় সরকারী উন্নয়ন কাজের অংশ হিসেবে স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র প্রচেষ্টায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সেবা বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ৩৩ কোটি ৮২ লক্ষ ২৫ হাজার ৮৫৫ টাকা ব্যয়ে মেডিকেল এসিসস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে।
উপজেলার বাকাল ইউনিয়নের আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের বাইপাস সংলগ্ন কুয়াতিয়ার নামক স্থানে দুই একর জায়গার উপর আগৈলঝাড়া মেডিকেল এসিসস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) নির্মাণ কাজ চলমান রয়েছে। এই মেডিকেল এসিসস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) নির্মাণ কাজের জন্য ২০২০ সালের মার্চ মাসে টেন্ডার আহবান করা হয়।
টেন্ডারে বরিশালের মের্সাস কোহিনুর এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পায়। তাদের ২০২০ সালের ১৮ আগষ্ট কাজের কার্যাদেশ দেয় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ২৪ মাসের মধ্যে ওই কাজ শেষ করার কথা রয়েছে।
গতকাল সরেজমিন গিয়ে দেখা গেছে, ৮টি ভবনের নির্মাণ কাজ প্রায় ৬৫ ভাগ শেষ হয়েছে।
স্থানীয় অমিয় দাস বলেন, আমাদের এলাকায় যে প্রতিষ্ঠান হয়েছে তাতে আমাদের ছেলে মেয়েদের লেখা পড়ায় অনেক সুবিধা হবে।
এব্যাপারে আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র চেষ্টায় এই প্রতিষ্ঠানটি এই স্থানে হয়েছে। বর্তমান আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়নে জন্য কাজ করে যাচ্ছে। এই সরকারের আমলে এই শিক্ষা প্রতিষ্ঠানটি নির্মাণ হওয়াতে এর সুফল পাবে এই এলাকাসহ আশ পাশের সাধারণ জনগণ।
এইচকেআর