বরিশালে মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

বিএনপির মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, দেশের প্রধানমন্ত্রী একজন নারী। তিনি ক্ষমতায় থাকাবস্থায় ধানের শীষে ভোট দেয়ার অপরাধে এদেশে নারীরা ধর্ষণের শিকার হতে হয়। নারীদের কোথাও মর্যাদা নেই। নারী জাতির জন্য এমন লজ্জা-অবমানকার ঘটনা পৃথীবির দ্বিতীয় কোন দেশে ঘটে নাই।
বুধবার দুপুরে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে মহিলা দলের কর্মীসভায় বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। প্রধান বক্তা ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক সুলতানা আহম্মেদ।
আফরোজা আব্বাস আরো বলেন, আমাদের তথ্যমন্ত্রী রসিয়ে রসিয়ে বলেন দেশে নাকি বিএনপি নেই। যদি বিএনপি নাই থাকে তাহলে দেশে কোন অঘটন ঘটলেই কেন বলা হয় এটা বিএনপির কাজ। মামলার আসামী করা হয় বিএনপি নেতাকর্মীদের। আওয়ামীলীগ নেতাদের এমন দ্বিমুখী বক্তব্যই প্রমান করে দেশের সর্বত্র বিএনপি আছে। বিএনপি আছে বলেই আওয়ামীলীগ এখন মিডিয়ায় বক্তব্য দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেয়ার সুযোগ পাচ্ছে। সভায় আওয়ামীলীগ সরকার উৎখাতে নারী জাগরন সৃষ্টি আহ্বান জানানো হয়।
কর্মীসভায় আরও বক্তৃতা করেন জেলা (উত্তর) বিএনপি আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, জেলা (উত্তর) মহিলা দলের সাবেক সভাপতি তাসলিমা পারভীন, ফিরোজা বেগম ও আলেয়া বেগম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উত্তর জেলা মহিলা দল নেত্রী এ্যাড, লিপি নাসরিন।
এইচকেআর