মেঘনায় দুই গ্রুপ জেলেদের মধ্যে সংঘর্ষে আহত ১০

বরিশালের হিজলা উপজেলাধীন মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপ জেলেদের মধ্যে রক্তক্ষয়ী সংর্ঘষ হয়েছে। এতে উভয় গ্রুপের ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এরা হলেন আক্তার হোসেন (২৮) ও রাকিব মাল (১৮)। রোববার রাত ৮টার দিকে হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের দুই ইউপি সদস্য’র নেতৃত্বাধিন জেলেদের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, হিজলার গৌরবদী ইউনিয়নের শাওড়া সৈয়দখালী সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে জাল পাতে একদল জেলে। কিছু সময় পরে বেপরোয়া গতিতে মাইদুল হাওলাদারের নৌকাসহ ৫-৬টি ট্রলার এসে তাদের ট্রলারে ধাক্কা এবং ট্রলারে থাকা ৯ জনকে এলোপাথারী মারধর শুরু করে।
তখন তাদের ধরে নিয়ে যাওয়া হয় ইউপি সদস্যে আলাউদ্দিন তফাদারের মাছ ঘাটে। সেখানে ইউপি সদস্য আলাউদ্দিন বেপারীর ছেলে সুজন বেপারীসহ কয়েকজন মিলে পুনরায় মারধর করে তাদের।
তবে হাসপাতালে চিকিৎসাধীন অপরপক্ষের সাইফুল ইসলাম (২২) ও জাহাঙ্গীর কাজী (৩০) বলেন, আমরা মেঘনা নদীতে মাছ শিকার করতে গেলে আমাদের ওপর মোকছেদ মোস্তফাসহ কয়েকজন হামলা করে।
হিজলা গৌরবদী ইউনিয়নের ৮ নং ওর্য়াডের ইউপি সদস্য আলাউদ্দিন বেপারী বলেন, জেলেদের মধ্যে মারপিট হয়েছে। তবে তারা আমাদের নিজস্ব কোনো জেলে নয়। মারপিটের ঘটনার সাথে আমি বা আমার ছেলে জড়িত নয়।
গৌরবদী ইউনিয়নের ৭নং ওর্য়াডের ইউপি সদস্য জাহের আকন জানান, গত কয়েকদিন যাবত মেঘনা নদীতে মারপিট হচ্ছে তা জানি। তবে রোববার রাতে জেলেদের মাঝে সংঘর্ষ হয়েছে কিনা আমার জানা নেই।
কেআর