ঢাকা শুক্রবার, ০৮ মে ২০২৬

Motobad news

সুদের টাকার জন্য অপমান সইতে না পেরে আত্মহত্যা

সুদের টাকার জন্য অপমান সইতে না পেরে আত্মহত্যা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সুদের টাকার জন্য জনসম্মুখে লাঞ্চনা এবং বসতঘরে তালা ঝুলিয়ে দেয়ার হুমকির অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন বিমল বাছার (৩৫) এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার উত্তর ধানডোবা গ্রামে। নিহত বিমল ওই গ্রামের মৃত চরন বাছারের ছেলে এবং তিন সন্তানের জনক।
এদিকে, বিমলের আত্মহত্যার পর পরই ঘরের দরজায় তালা ঝুলিয়ে পরিবার নিয়ে আত্মগোপন করেছেন গ্রামের অভিযুক্ত সুদি মহাজন সোহেল চৌকিদার।
নিহতের স্বজনরা জানিয়েছেন, ‘করোনার সময়ে কাজ না পেয়ে গ্রাম্য সুদি মহাজন সোহেল চৌকিদারের কাছ থেকে চড়া সুদে টাকা ধার নেন দিনমজুর বিমল বাছার। গত শুক্রবার রাতে সুদের টাকা উত্তোলনের জন্য সহযোগিদের নিয়ে বিমলের বাড়িতে যান সোহেল।
এসময় তিনি সুদের টাকা আদায়ে বিমলকে লঞ্চিত এবং পরিবারের নারী সদস্যদের অকথ্য ভাষায় গালমন্দ করেন। পাশাপাশি সুদের টাকা না দিলে ঘরে তালা ঝুলিয়ে দেয়ার হুমকি দেন বিমলকে।
এদিকে, ‘পরিবারের সামনে অপমান সহ্য করতে না পেরে ওই রাতেই বিমল নিজ ঘরে বিষপান করেন। মুমূর্ষ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে বিমল মৃত্যুবরণ করেন।
এ প্রসঙ্গে গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, ‘আত্মহত্যার ঘটনা শুনেছি। তবে এ ঘটনায় এখনো থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অবশ্য নিহতের ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।
 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন