বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’- এই প্রতিপাদ্য নিয়ে বরিশাল মহানগরীর খামারবাড়ি চত্বরে জাতীয় ফলমেলা উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (১৭ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, বিএডিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী এবং ডিএই’র উপপরিচালক মোসাম্মৎ মরিয়মসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), কৃষি তথ্য সার্ভিস (এআইএস), বাংলাদেশ ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং অন অ্যাপ্লাইড নিউট্রিশন (বারটান) এবং এসিআই এগ্রিবিজনেসের সমন্বয়ে মেলায় মোট ১৪টি স্টল স্থান পেয়েছে।
মেলায় আগত দর্শনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দর্শনার্থীদের সুবিধার্থে কৃষি তথ্য সার্ভিসের সৌজন্যে মেলা প্রাঙ্গণে কৃষিবিষয়ক তথ্যচিত্র ও চলচ্চিত্রও প্রদর্শন করা হচ্ছে।
এইচকেআর