ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালন

বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ। সোমবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে ৭ই মার্চের কর্মসূচির সূচনা করেন তারা। দিনব্যাপি কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগ, জেলা এবং উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর নেতৃত্ব দেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।

এরপর বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষে অতিরিক্ত আইজিপি ও পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, রেঞ্জের পক্ষে ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা প্রশাসনের পক্ষে জসীম উদ্দীন হায়দার এবং জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মো. মারুফ হোসেন শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধু উদ্যানে জাতির জনকের ম্যুরালে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ নেতা মাহামুদুল হক খান মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এরপর বরিশাল জেলা এবং মহানগর পর্যায়ের বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরবর্তীতে নগরীর বান্দ রোডে জেলা শিল্পকলা একাডেমিতে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (সদরদপ্তর) প্রলয় চিসিম, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ মো. আব্বাস উদ্দিন খান, জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেন, স্থানীয় সরকার উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, জেলার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক- বীর প্রতীক।

এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৭ই মার্চ উপলক্ষে বিভিন্ন বিষয়ের ওপর আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনারসহ অন্যান্য অতিথিবৃন্দ। এরপর শিল্পকলা একাডেমির মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বরিশাল জেলা পুলিশ এবং র‌্যাব-৮ এর আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর বাইরে বিভিন্ন সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষন এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তর‌্য দেন শিক্ষকবৃন্দ।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন