বিভাগীয় পর্যায়ে বেলা’র জোট গঠন সভা অনুষ্ঠিত

শনিবার সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি “বেলা” বরিশালের আয়োজনে জলাধার সুরক্ষা ও সংরক্ষণ ইস্যুতে বিভাগীয় পর্যায়ে জোট গঠন সভা’’ অনুষ্ঠিত হয়েছে। নগরীর পুলিশ লাইন রোডে দি রিভার ক্যাফে রেস্তোরায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আবদুল মোতালেব হাওলাদার (অব:) সভাপতিত্ব করেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বেলার বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন।
সভায় জলাধার সুরক্ষা ও সংরক্ষণ ইস্যুতে নিজ নিজ জেলার বর্তমান সংকটাপন্ন অবস্থা তুলেধরে মূল্যবান মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন উন্নয়ন কর্মী মোঃ রফিকুল আলম, কাজী এনায়েত হোসেন শিবলু, গ্লোবাল ইয়ুথ সোসাইটির সভাপতি মো. আলামিন, দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্য়কারী মেহের আফরোজ মিতা, বরগুনার মো. মুশফিকুর রহমান, ক্লাইমেট এক্সপার্ট ইনজামুল সাফিন, অধ্যাপিকা দীপ্তিরানী ঘোষ, ঝালকাঠী জেলার কে এম সবুজ, পিরোজপুরের এ কে এম ফয়সাল প্রিন্স, পটুয়াখালীর শংকর লাল দাস এবং ভোলার প্রতিনিধি শিক্ষক অমিতাভ রাজন এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভংকর চক্রবর্তী।
সভায় বক্তাগন বলেন, ‘‘ধান-নদী-খাল মিলে আমাদের বরিশাল। জলাধার সুরক্ষিত না থাকলে আমাদের জীবনযাত্রা ব্যাহত হবে। সংকটে পরবে কৃষি ব্যবস্থা। নৌ-যোগাযোগ ব্যাহত হবে। পরিবেশ প্রতিবেশ ঠিক না থাকলে জীবনযাত্রা ব্যাহত হবে। হারিয়ে যাবে জীববৈচিত্র। পরিকল্পিত নগরায়ন সৃষ্টি করতে না পারলে পরবর্তীতে এর মাশুল দিতে হবে। মাষ্টারপ্লান থাকলেও উন্নয়নের ক্ষেত্রে পরিবেশকে উপেক্ষিত করা হয়। এজন্য সংশ্লিষ্ট প্রশাসনের উদাসীনতাকেই বক্তারা দায়ী করেছেন। বর্তমান অবস্থা থেকে উত্তোরনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনসচেতনতার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। সেই সাথে জনমত গঠন ও সামাজিক ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে প্রশাসনের উপর চাপ সৃষ্টির পরামর্শ দেন।
জলাশয় দখল, লিজপ্রথা এবং পরিকল্পিতভাবে খনন ও স্থাপনা কার্যক্রম না থাকায় সকল প্রকার জলাধার হারিয়ে যেতে বসেছে। পয়োনিষ্কাশন ব্যহত হচ্ছে সেই সাথে জলাবদ্ধতাও দেখা দিয়েছে। এখনই এ সমস্যা হতে উত্তোরনে পদক্ষেপ গ্রহণ জরুরী। এরপর জোটের সদস্যরা নিজ নিজ জেলার জলাশয়গুলোর বর্তমান অবস্থা, সমস্যা সমাধানে করনীয় ও বেলা’র কাছে তাদের প্রত্যাশা লিখিত আকারে তুলে ধরেছেন। সেই সাথে ভবিষ্যতেও সকল প্রকার জলাধার রক্ষায় তাঁরা বেলা’র পাশে থেকে স্থানীয় সমস্যা সমাধানে ও জনমত সৃষ্টিতে কাজ করতে অংগীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতি বলেন, ‘‘নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে এবং জীববৈচিত্র টিকিয়ে রাখতে আমাদের পরিবেশকে সুরক্ষা করতে হবে। যে কোনো উন্নয়নে পরিবেশকে অগ্রাধিকার দিতে হবে। সুন্দর ভাবে বাঁচতে এবং আগামী প্রজন্মের জন্য একটি সুশৃঙ্খল পরিবেশ উপহার দিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা ব্যতিরেকে আর কোন বিকল্প নেই ’।
এইচকেআর