ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় মাটির নীচে ১৫৫৪ পিচ রাইফেলের গুলি

আগৈলঝাড়ায় মাটির নীচে ১৫৫৪ পিচ রাইফেলের গুলি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় মাটির নীচ থেকে বিপুল পরিমান গুলি উদ্ধার করা হয়েছে। উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত ১ হাজার ৫শত ৫৪টি গুলি জব্দ করে আগৈলঝাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম জানান, সরকারিভাবে ভূমিহীনদের ঘর নির্মাণের জন্য গৈলা ইউনিয়নের কালুপাড়া মৌজায় ৩০ শতক জমি ক্রয় করা হয়। সেখানে ১৫টি পাকা ঘর নির্মাণের জন্য শুক্রবার সকালে মাটি খুড়তে গিয়ে শ্রমিকেরা গুলি গুলো উদ্ধার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীণ সময়ে গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের ওই স্থানে রাজাকারদের ক্যাম্প ছিলো। ধারনা করা হচ্ছে দেশ স্বাধীন হওয়ার পর রাজাকাররা এসব গুলি মাটির নীচে লুকিয়ে রাখে। যা মাটি খননের সময় পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এছাড়াও ঘর নির্মাণের কাজ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, পরিত্যাক্ত ও নিস্কৃয় অবস্থায় উদ্ধার করা ১৫৫৪ পিচ গুলি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। গুলি গুলো শক্তিশালি থ্রি নট থ্রি রাইফেল ও এলএমজি’তে ব্যবহার করা হয়। গুলি গুলো পাঁচটি করে প্রসেস অবস্থায় পাওয়া গেছে। তবে এগুলো দীর্ঘবছর যাবত মাটির নিচে থাকায় মরিচা ধরে নিস্কৃয় হয়ে গেছে। বিষয়টি জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

মহান স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতা বিরোধীরা দেশের মানুষের উপর নির্বিচারে যে হত্যাযজ্ঞ চালিয়েছিলো তার নিদর্শন হিসেবে উদ্ধারকৃত নিস্কৃয় গোলাবারুদ সরকারিভাবে জাদুুঘরে সংরক্ষণের মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস তুলে ধরার দাবী জানিয়েছেন গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু।
এসময় উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম, উপপরিদর্শক মিজানুর রহমান মিশু, মিলটন মন্ডল, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুসহ প্রমুখ।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন