আগৈলঝাড়ায় সিলিন্ডারের আগুনে পুড়লো মুক্তিযোদ্ধা ঘর

বরিশালের আগৈলঝাড়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে একটি বসতঘর আংশিক পুড়ে গেছে। বুধবার বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের গৈলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. সালামের ঘরে আগুন লাগার এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলের দিকে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. সালামের রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে অসাবধানতাবশত দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। মুহুর্তের মধ্যে আগুন ওই ঘরের চারিপাশে ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কার্যালয়ের কর্মকর্তা বিপুল হোসেন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া, সাবেক ছাত্রলীগ নেতা সবুজ আকন, আব্দুল্লাহ লিটন, ইলিয়াস শরীফ, আশ্রাফুল আলম দুলাল, সুমন্ত রায়, স্থানীয় সাহেব আলী সরদার প্রমুখ।
এমইউআর