বাবুগঞ্জে মডেল গ্রাম বাস্তবায়নে প্রশিক্ষন কর্মসূচি

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় মডেল গ্রাম বাস্তবায়নে নারী উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছেন বরিশাল নেইবার্স এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (বিএনএসডি ফাউন্ডেশন)।
আজ শনিবার সকালে উপজেলার মাধবপাশা ইউনিয়নের মেঘিয়া গ্রামটি মডেল হিসাবে গড়ে তুলতে নারীদের প্রশিক্ষণ কর্মসূচি ও উঠান বৈঠকের মধ্য দিয়ে কাজ শুরু করেন বিএনএসডি ফাউন্ডেশন। ওই গ্রামের মোল্লার বাড়ির উঠানে অনুষ্ঠিত নারী প্রশিক্ষণ কর্মসূচি ও উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মারুফ আহমেদ মল্লিক।
এসময় আরও উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন) জাহাঙ্গীর আলম, পরিচালক সাব্বির হোসেন, উপ-পরিচালক জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা এবং বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন।
মেঘিয়া গ্রামের নিরানব্বই জন দরিদ্র নারীকে তিনটি গ্রুপে ভাগ করে এই কর্মসূচির আওতায় হাস-মুরগী ও টার্কি মুরগী পালন বিষয়ে দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণ প্রদানের সিদ্ধান্ত নেয় বরিশাল নেইবার্স এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (বিএনএসডি ফাউন্ডেশন)।
বিএনএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মারুফ আহমেদ বলেন, আমরা শহর ও গ্রামের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই। এজন্য গ্রামীণ উন্নয়ন কর্মসূচি, নারী উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মসূচি, সুবিধা বঞ্চিত শিশুদের জন্য শিক্ষা উন্নয়ন কর্মসূচি, ফ্রি স্বাস্থ্যসেবা কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। প্রতিবেশি ও সমাজ উন্নয়নে এই সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এমইউআর