সংকটের মধ্যেই শেবাচিমের ৮ চিকিৎসককে বদলি

চিকিৎসক সংকটের মধ্যেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের আট চিকিৎসককে একযোগে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব এএফএম এহতেশামুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই ৮ চিকিৎসককে বিভিন্ন জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলির আদেশ দেওয়া হয়েছে। তাদের ১৯ ফেব্রুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন ধরে তীব্র চিকিৎসক সংকট চলছে শেবাচিমে। হাসপাতালের ৪৫ শতাংশ চিকিৎসকের পদ শূন্য।
যে আটজনকে বদলি করা হয়েছে, তারা হলেন— অর্থপেডিক্স সার্জারি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. মাসরেফুল ইসলাম সৈকত, গাইনি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. তানিয়া আফরোজ, অর্থপেডিক্স বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. সুদীপ্ত কুমার হালদার, ইএনটি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. আলী আহমেদ, ইএনটির জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. আব্দুল্লাহ্ আল মামুন, ইএনটি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. শরিফুল ইসলাম, সার্জারি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. জয় জাকারিয়া রব এবং সার্জারি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. সুপিয়ার রহমান।
একযোগে আট চিকিৎসকের বদলি প্রসঙ্গে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, হাসপাতালে তীব্র চিকিৎসক সংকট চলছে। এর মধ্যেই একযোগে আট বিশেষজ্ঞ চিকিৎসকের বদলিতে নতুন সংকটে পড়তে হবে। কেননা দক্ষিণাঞ্চলের সব উপজেলার রোগীই এ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।
পরিচালক বলেন, আমি আমাদের হাসপাতালে সংকটের বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে কথা বলেছি। তিনি বিষয়টি দেখবেন বলে আশা দিয়েছেন।
এসএম