মঠবাড়িয়ায় নির্মাণাধীন সেতুর মাটির স্তূপে বন্ধ বাইপাস সড়ক, চলাচলে দুর্ভোগ

পিরোজপুরের মঠবাড়িয়া-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের পূর্ব সেনের টিকিকাটা এলাকায় নির্মাণাধীন গার্ডার সেতুর মাটির স্তূপে ঢাকা পড়েছে একটি গুরুত্বপূর্ণ বাইপাস সড়ক। দীর্ঘদিন ধরে সড়কটির ওপর মাটি ফেলে রাখায় ব্যাহত হচ্ছে স্থানীয় মানুষের স্বাভাবিক চলাচল।
এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে আশপাশের বাসিন্দাদের। সেতুটি সব ধরনের যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলেও এখন পর্যন্ত বাইপাস সড়কটি থেকে মাটির স্তূপ সরানো হয়নি। ফলে সেতু নির্মাণের সুফল পেলেও বিকল্প সড়কটি ব্যবহার করতে না পেরে বিপাকে পড়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের পূর্ব সেনের টিকিকাটা এলাকায় একটি গার্ডার সেতু নির্মাণের কাজ চলাকালে গাইডওয়াল ও অ্যাপ্রোচের পিলার নির্মাণের জন্য মাটি উত্তোলন করা হয়। উত্তোলিত সেই মাটি টিকিকাটা মাদ্রাসা-সংলগ্ন বাইপাস সড়কের ওপর দীর্ঘদিন ধরে ফেলে রাখা হয়েছে।
এতে সড়কটির একটি বড় অংশ মাটির স্তূপে ঢেকে গেছে। পাশাপাশি বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হওয়ায় সড়কটি দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন হয়ে পড়েছে।
এদিকে নির্মাণকাজ শেষে সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হলেও বাইপাস সড়কটি সংস্কার কিংবা চলাচলের উপযোগী করার উদ্যোগ এখনো দৃশ্যমান নয়। ফলে একদিকে সেতু চালু হওয়ায় যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, অন্যদিকে সেতুসংলগ্ন বাইপাস সড়কটি বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দাদের সেই সুবিধা পুরোপুরি কাজে আসছে না।
স্থানীয়দের অভিযোগ, সেতুটি নির্মাণের আগে খালের ওপর দিয়ে চলাচলের জন্য যে ব্যবস্থা ছিল, সেতু চালু হওয়ার পর খালের বাঁধ কেটে দেওয়া হয়েছে। এতে খালের এপারের মানুষকে অন্য পাড়ে যাতায়াতের জন্য সেতুর ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে।
কিন্তু বাইপাস সড়কের পাশে বসবাসকারী মানুষের জন্য সেতুতে ওঠার সহজ কোনো ব্যবস্থা নেই। তার ওপর সড়কটি মাটির স্তূপে ঢাকা থাকায় তাঁদের চলাচলে বাড়তি দুর্ভোগ তৈরি হয়েছে।
বিশেষ করে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে সড়কটি গুরুত্বপূর্ণ হওয়ায় এর এমন বেহাল অবস্থায় ক্ষোভ দেখা দিয়েছে। সড়কের ওপর জমে থাকা মাটি ও বিভিন্ন স্থানে সৃষ্ট গর্তের কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলতে থাকলেও সড়কটি পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলার কার্যকর ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ বাড়ছে।
এলাকাবাসীর দাবি, উন্নয়নকাজের অংশ হিসেবে সেতু নির্মাণ করা হলেও কাজের পর সংশ্লিষ্ট সড়কটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়নি। নির্মাণকাজে উত্তোলিত মাটি যথাসময়ে সরিয়ে নেওয়া হলে এ ধরনের দুর্ভোগ তৈরি হতো না বলে মনে করছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন বলেন, সেতুর নির্মাণকাজের সময় যেসব স্থানে মাটি ফেলা হয়েছে, সেসব স্থান পরিষ্কার করে সড়কটি দ্রুত চলাচলের উপযোগী করা প্রয়োজন। একই সঙ্গে সড়কের গর্ত ভরাট ও প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করে স্থানীয় মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, শিগগিরই অফিস থেকে লোক পাঠিয়ে বাইপাস সড়কটি চলাচলের উপযোগী করে দেওয়া হবে। তবে স্থানীয়দের প্রত্যাশা, শুধু আশ্বাস নয়, দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে সড়কটির ওপর থেকে মাটির স্তূপ সরিয়ে নেওয়া হবে। একই সঙ্গে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হবে।
এইচকেআর