কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩

পটুয়াখালীর কলাপাড়ায় পর্যটকবাহী একটি ডাবল ডেকার বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এতে অন্তত ১৩ জন পর্যটক আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে কলাপাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আইকনিক পরিবহনের বাসটি ঢাকা থেকে ২০-২৫ জন পর্যটক নিয়ে কুয়াকাটার উদ্দেশে রওনা দেয়। সকালে খলিলপুর এলাকায় পৌঁছানোর পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে আহত পর্যটকদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। গুরুতর আহত ছয়জনকে কলাপাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, বাসটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা ছিলেন। তারা বাসটি ভাড়া করে দলবদ্ধভাবে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিলেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ নিহত হননি। বাসের চালক ও সহকারী দুর্ঘটনার পর থেকে পলাতক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এইচকেআর