বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ৩১ জন

বরিশাল নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে ৩১ জনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
বুধবার ( ১৭ জুন) বিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক স্থানে অভিযান পরিচালনা করে।
অভিযানে মাদক বিক্রির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বিএমপি আরও জানায়, মোট গ্রেপ্তার ৩১ জনের মধ্যে ১০ জন ওয়ারেন্টভুক্ত (গ্রেপ্তারি পরোয়ানা) আসামি, ৫ জন নিয়মিত মামলায়, অন্যান্য আইনে ৩ জন আসামি এবং ১০ জনকে মহানগর অধ্যাদেশে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অপরাধ নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
এইচকেআর