ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news

বাবুগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি, পদ স্থগিত

বাবুগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি, পদ স্থগিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বাবুগঞ্জে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। এরপর ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে মুচলেকা দিয়ে মুক্তি পান তারা। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মঙ্গলবার (১৬ জুন) দুপুরে অভিযুক্তদের দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

উপজেলার চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মো. শাহীন হোসেনের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদ স্থগিত হওয়া দুই নেতা হলেন- চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মেহেদী হাসান ওরফে জাকির মোল্লা এবং একই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।

একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ও বালু ব্যবসায়ী জহিরুল ইসলাম জানিয়েছেন, ড্রেজার মেশিন দিয়ে তিনি বালু উত্তোলন করছিলেন। এসময় জাকির মোল্লা ও আব্দুল রাজ্জাক তার কাছে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ টাকা নিতে তারা সোমবার (১৫ জুন) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে চাঁদপাশা ইউনিয়নের রেইনট্রিতলা এলাকায় আসেন। পরবর্তীতে বিষয়টি তিনি (জহিরুল) স্থানীয়দের কাছে জানালে উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে ওই দুই নেতাকে গণপিটুনি দিয়ে আটক করে রাখেন। পরে প্রায় দুই ঘণ্টা পর ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে লিখিত মুচলেকা দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

জহিরুল ইসলাম আরও জানান, জাকির মোল্লা ও আব্দুল রাজ্জাকের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, খালের মাটি বিক্রি, সালিশ-বৈঠকের নামে অর্থ আদায় এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। তাদের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিলো।

বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে ওয়ার্ড বিএনপির ওই দুই নেতার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

তবে চাঁদা দাবির অভিযোগ পুরোপুরি অস্বীকার করে অভিযুক্ত জাকির মোল্লা বলেন, আমরা বালু ব্যবসায় অংশীদার হতে চেয়েছিলাম। তারা আমাদের ডেকে এনে চাঁদা দাবির মিথ্যে অভিযোগ তুলে ফাঁসিয়ে দিয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন