আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

আর্জেন্টাইন ফুটবলভক্তদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আগামীকাল (বুধবার) সকালে। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। স্বভাবতই লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজরা ম্যাচে নজর কাড়বেন। এ ছাড়া আলো ছড়াতে পারেন দু’দলের তরুণ প্রতিভাবান ফুটবলাররাও।
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দীর্ঘ সময়ের শিরোপাখরা কাটিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়। যেখানে লিওনেল মেসি ছিলেন এক অসাধারণ শক্তি। দলের সকল সতীর্থেই পুরোপুরি নিবেদিত ছিল তাকে অন্তত একটি বিশ্বকাপ জেতানোর লক্ষ্যে। সেই দলটিকে তিনি দুর্দান্তভাবে নেতৃত্ব দিয়েছিলেন, যারা শেষ পর্যন্ত অসাধারণ এক অভিযান শেষে শিরোপা উৎসবে মাতে।
মেসির ফিনিশিং ছিল নিখুঁত, পাসিং ছিল দুর্দান্ত, আর দলের পারফরম্যান্সে যখনই ভাটা পড়েছে, তখনই যেন তিনি নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন। কিন্তু মেসির বয়স এখন ৩৮, খেলছেন ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারে। তবে বড় প্রশ্ন– চার বছর আগের মতোই কি তিনি এখনও সেই প্রভাবশালী শক্তি হতে পারবেন?
২০২২ বিশ্বকাপে নিজের সম্ভাবনার ঝলক দেখানো হুলিয়ান আলভারেজ এখন আরও পরিণত, ফলে মেসির সামনে আক্রমণভাগে আরও ভালো সমর্থন রয়েছে। মাঝমাঠ ও রক্ষণভাগও অনেকটা আগের মতোই আছে। এর পাশাপাশি আর্জেন্টিনার বিশ্বকাপ দলে এখনও নিজেদের প্রমাণ না করা কিছু প্রতিভাবান খেলোয়াড়ও রয়েছেন। এর মধ্যে অন্যতম নিকো পাজ ও থিয়াগো আলমাদা। কোচ লিওনেল স্কালোনি দুটি কার্যকর খেলার ধরন তৈরি করে ফেলেছেন– একটি মেসিকে নিয়ে, আরেকটি মেসিকে ছাড়া।
তবে বিশ্বকাপজয়ী এই কোচ জানেন, টুর্নামেন্টে অনেক দূর যেতে হলে মহান এই খেলোয়াড়কে নিজের সেরাটা বের করে আনতে হবে এবং সেই বিশেষ জাদুকরী মুহূর্তগুলো তৈরি করতে হবে। আলবিসেলেস্তেদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়াও নিশ্চয়ই তার সেই জাদু থামিয়ে দেওয়ার প্রচেষ্টা চালাবে।
আলজেরিয়ার তারকা উইঙ্গার রিয়াদ মাহরেজ হয়তো আগের মতো নিয়মিত আলো ছড়ান না, তবে তার পায়ে এখনও জাদু আছে। আল আহলি’র হয়ে এশিয়ান মঞ্চে তিনি মাঝেমধ্যে সেই ঝলক দেখিয়েছেন, আর আলজেরিয়ার হয়ে বাছাইপর্বে তার পারফরম্যান্স ছিল আরও ধারাবাহিক। অভিজ্ঞ মাহরেজের পাশাপাশি আক্রমণভাগে রয়েছেন সম্পূর্ণ ভিন্ন প্রজন্মের এক প্রতিভা, ২০ বছর বয়সী ইব্রাহিম মাজা।
নিখাদ ড্রিবলিং ও কৌশলী খেলার জন্য পরিচিত মাজা যখন ছন্দে থাকেন, তখন চোখে লেগে থাকে তার পারফরম্যান্স। এখন কোচ ভ্লাদিমির পেতকোভিচের দায়িত্ব হবে এমন পরিবেশ তৈরি করা, যেখানে এই তরুণ নিজের সৃজনশীলতা পুরোপুরি কাজে লাগাতে পারেন। গোলপোস্টের নিচেও আলজেরিয়ার রয়েছে আলোচনা তৈরির মতো একটি নাম। কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান আছেন সেখানে। আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়ে নিজেকে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবেও প্রমাণ করেছেন।
রক্ষণভাগে র্যামি বেনসেবাইনি ও রায়ান আইত-নুরির মতো খেলোয়াড় থাকায় আলজেরিয়া পেতকোভিচের পছন্দের পজেশন-নির্ভর খেলা দেখাতে প্রস্তুত থাকবে।
এইচকেআর