পড়াশোনায় বাধা, মানসিক চাপ সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

ভোলার দৌলতখানে রিজবী আক্তার (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (৮ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাতাব্বর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দৌলতখান থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
নিহত রিজবী আক্তার ওই এলাকার সৌদি প্রবাসী সুমনের স্ত্রী এবং চরখলিফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সালাউদ্দিনের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রিজবী আক্তার ভোলা সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী ছিলেন। প্রায় দেড় বছর আগে প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে চরপাতা ইউনিয়নের প্রবাসী জাহাঙ্গীরের ছেলে সুমনের সঙ্গে তার বিয়ে হয়।
স্থানীয়দের অভিযোগ, স্বামী বিদেশ থাকায় শ্বাশুড়ি রিজবী আক্তারের কলেজে পড়াশোনা নিয়ে আপত্তি তোলেন। এ নিয়ে শ্বাশুড়ির সঙ্গে রিজবী আক্তারের বিরোধ চলে আসছিল। পড়াশোনা বন্ধ করতে শ্বাশুড়ি অব্যাহতভাবে রিজভী আক্তারের ওপর চাপ সৃষ্টি করে। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। মানসিক অশান্তির কারণেই শেষপর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয় বলে ধারণা করছেন এলাকাবাসী।
দৌলতখান থানার (ওসি তদন্ত) বিপুল চন্দ্র দাস বলেন, প্রাথমিকভাবে জানা গেছে কলেজে পড়া নিয়ে পারিবারিক বিরোধ ও মানসিক কষ্টের কারণে রিজবী আক্তার আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এইচকেআর