মহানগর ছাত্রদল সভাপতিসহ দুজনকে তুলে নেয়ার অভিযোগ

বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনিসহ দুই ছাত্রদল নেতাকে গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ করেছে তার পরিবার।
মঙ্গলবার রাত ৪টার দিকে নগরীর স্ব-রোড সোনালী আইসক্রিমের মোড় এলাকার বাসা থেকে তাদের তুলে নেয়া হয়েছে বলে দাবি স্বজনদের। আটক অপরজনের নাম আবির। তিনি সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রদলের সদস্য সচিব।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানিয়েছেন, এ নামে কাউকে ডিবি অথবা মেট্রোপলিটন পুলিশ আটক করেনি। তবে বিষয়টি নিশ্চিত হতে র্যাব-৮ এর উপ-অধিনায়ককে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির মা রাশিদা জাহান মায়া জানান, ‘রনি রাতে স্ব-রোডে তার খালার বাসায় ঘুমিয়ে ছিল। রাত ৪টার দিকে র্যাব এবং ডিবি পুলিশ পরিচয় দিয়ে কিছু লোক বাসার মধ্যে ঢুকে রনি ও তার খালাতো ভাই সায়েমকে আটক করে নিয়ে যায়। তবে পথে সায়েমকে ছেড়ে দিয়ে শুধু রনি এবং অপর ছাত্রদল নেতা আবিরকে তাদের সাথে নিয়ে গেছে।
রনির মা বলেন, ‘খবর পেয়ে মঙ্গলবার সকালে থানায় খোঁজ নিয়েছি। তাছাড়া আটক করা হলে তাকে কোর্টে চালান করা হবে। এজন্য কোর্টে গিয়েও রনির বাবা খোঁজ খবর নিয়েছেন। কিন্তু থানা পুলিশ আটকের বিষয়টি অস্বীকার করেছে। এমনকি কোর্টেও রনি বা আবির নামের কাউকে র্যাব বা পুলিশ চালান করেনি বলে জানতে পারেন। ফলে সন্তানের খোঁজ না পেয়ে চিন্তিত হয়ে পরেছেন রনি ও আবিরের পরিবার।
এ বিষয়ে বক্তব্য জানতে র্যাব-৮ এর উপ-অধিনায়কের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও রিসিভ না করে ফোনের সংযোগ কেটে দেয়া হয়। এমনকি হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠালেও কোন উত্তর পাওয়া যায়নি।
তাছাড়া মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, রনি বা আবির নামের কাউকে মেট্রোপলিটন পুলিশ আটক করেনি। ডিবি কাউকে আটক করে থাকলে আমার জানার কথা।
এইচকেআর