আগৈলঝাড়ায় ইউপি সদস্য ও প্রতিবন্ধীর উপর হামলায় পৃথক মামলা দায়ের

বরিশালের আগৈলঝাড়ায় এক ইউপি সদস্য ও প্রতিবন্ধী ব্যক্তির উপর পৃথক হামলার ঘটনায় আগৈলঝাড়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, গৈলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য ও ভদ্রপাড়া গ্রামের আব্দুল করিম সরদারের ছেলে মানিক সরদার (৪০) বৃহস্পতিবার দুপুরে বড়ইতলা একটি গ্যাসের দোকানে সিলিন্ডার কিনতে যায়। ওই দোকানে পূর্বে থেকে অবস্থান করা গৈলা গ্রামের ইসহাক সরদারের ছেলে সাব্বির সরদার (২২), তছলিম সরদারের ছেলে কাইয়ুম সরদার (২৩), আঞ্জু সরদারের ছেলে হৃদয় সরদার (২৪), নুরুল হক আকনের ছেলে হাবিব আকন (৩২)সহ অজ্ঞাতনামা ২/৩ জন লাঠি সোটা নিয়ে অতর্কিতভাবে ইউপি সদস্য মানিক সরদারের উপর হামলা চালিয়ে আহত করে। আহত ইউপি সদস্য মানিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হামলার ঘটনায় ইউপি সদস্য মানিক বাদী হয়ে উল্লেখিতদের আসামী করে বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করে, যার নং- ৫(১০.২.২২)।
অন্যদিকে পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে বাশাইল গ্রামের সামসুদ্দিন বেপারীর ছেলে প্রতিবন্ধী এসকেন্দার বেপারীর উপর তার বসত ঘরের সামনে চাচাতো ভাইয়ের ছেলেরা অতর্কিত হামলা চালায়। হামলায় প্রতিবন্ধী এসকেন্দার বেপারী (৭২) আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। হামলার ঘটনায় এসকেন্দার বেপারী বাদী হয়ে বৃহস্পদিবার রাতে সাগর বেপারী (২০), আব্বাস বেপারী (৩২) ও আনোয়ার বেপারীকে (৪৫) আসামী করে থানায় মামলা দায়ের করেছে, যার নং-৪(১০.২.২২)।
উভয় হামলার ঘটনায় পুলিশ এজাহারভুক্ত আসামীদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।
এমইউআর