প্রেমে বাঁধা দেয়ায় ইউপি সদস্যকে মারধর

বরিশালের আগৈলঝাড়ায় প্রেমিক যুগলের প্রেমে বাঁধা দেয়ায় এক ইউপি সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত ইউপি সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ভদ্রপাড়া গ্রামের মৃত আব্দুল করিম সরদারের ছেলে মানিক সরদার বাড়ি থেকে পরিষদ কার্যালয় আসার পথে গৈলা নোনাপুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গৈলা গ্রামের ইসাহাক সরদারের ছেলে সাব্বির সরদার একটি মেয়ের সাথে রাস্তার মাঝখানে বসে কথা বলছিল।
তখন ইউপি সদস্য মানিক তাদের রাস্তার পাশে গিয়ে কথা বলার অনুরোধ করলে তারা বাকবিতন্ডা করে। ইউপি সদস্য মানিক সরদার জানান, বাড়ি থেকে পরিষদে স্থানীয় এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ’র দাদা মরহুম খালেক সেরনিয়াবাতের স্মরন সভা ও মিলাদে অংশগ্রহন করার জন্য যাওয়ার পথে গৈলা নোনাপুকুরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসলে গৈলা গ্রামের সাব্বির সরদার একটি মেয়ের সাথে রাস্তার মাঝখানে বসে কথা বলছিল।
তখন আমি মোটরসাইকেলের হর্ন দেয়া সত্বেও তারা রাস্তার উপর থেকে পাশে যায়নি। আমি তাদেরকে পাশে যেতে বললে আমার সাথে বাকবিতন্ডায় জড়ায়। মানিক আরও জানান, পরিষদ থেকে দোয়া মিলাদ শেষ করে বাড়ি ফেরার পথে গৈলা বড়ইতলা ষ্টান্ডে আগে থেকেই বসে থাকা মৃত: নুরুল হক আকনের ছেলে হাবিব আকন, ইসাহাক সরদারের ছেলে সাব্বির সরদার ও তসলিম বেপারীর ছেলে কাইউম বেপারী আমার উপর হামলা চালায়। পরে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুসহ পরিষদের সদস্যরা খবর পেয়ে মানিক সরদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযুক্ত সাব্বির সরদার জানান, রাস্তায় বসে বাকবিতন্ডার একপর্যায় সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আলামিন হোসেন জানান, আহত ইউপি সদস্যকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, ইউপি সদস্যর উপর হামলার সংবাদ শুনে উপপরিদর্শক আলী হোসেন ও মিলটন মন্ডলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কেআর