সেবাপ্রত্যাশীদের মাঝে যেন অনাস্থা তৈরি না হয়- বিএমপি কমিশনার

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এর গত জানুয়ারি মাসের ‘মাসিক অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর আমতলার মোড় বিএমপি সদরদপ্তরে সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার)। সভার শুরুতেই তিনি পূর্ববর্তি মাসের খাতওয়ারী অপরাধ চিত্রর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের তুলনামূলক খাতওয়ারী চিত্র, থানার বিরোধ নিষ্পত্তি ও গুরুত্বপূর্ণ মামলার বিবরনি পর্যালোচনা করেন।
পাশাপাশি মামলার অগ্রগতি পর্যালোচনা করে আইন-শৃঙ্খলা তথা অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন বিএমপি কমিশনার।
এসময় ‘পেশাদারিত্বের সাথে জনসেবা নিশ্চিত করতে জোর তাগিদসহ থানার প্রতিটি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেগে থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘প্রতিটি মামলা পুঙ্খানুপুঙ্খ তদন্ত হচ্ছে কি-না তা সুপারভাইজ করতে হবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের।
সকল কার্যক্রম সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ, নির্ভেজাল ও কালিমামুক্ত ভাবে সম্পন্ন হচ্ছে কি-না তা নিয়মিত মনিটরিং ও তদারকি করতে হবে। সেবাপ্রত্যাশীদের মাঝে যেন কোন প্রকার অনাস্থা তৈরি না হতে পারে, সে মর্মে আরও সজাগ ও দক্ষতার সাথে কাজ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর দপ্তর) প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) এনামুল হক।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- উপপুলিশ কমিশনার (সদরদপ্তর) মোঃ নজরুল হোসেন, উপপুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিস্টিক) মোঃ জুলফিকার আলি হায়দার, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা- বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) খান মুহাম্মদ আবু নাসের, উপপুলিশ কমিশনার (গোয়েন্দা) মোঃ মনজুর রহমান-পিপিএম (বার) প্রমুখ।
কেআর