ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news

বাংলাদেশকে ২০টি নৌযান উপহার যুক্তরাষ্ট্রের

বাংলাদেশকে ২০টি নৌযান উপহার যুক্তরাষ্ট্রের
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ডের কাছে ২০টি নৌযান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার। আজ বৃহস্পতিবার আর্ল মিলার বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশনস) রিয়ার অ্যাডমিরাল এম. আশরাফুল হক এবং বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফ হক চৌধুরীর উপস্থিতিতে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই নৌযান হস্তান্তর করেন।

বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের অনুরোধের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ডকে ১০টি ৩৮ ফুট (১১ মিটার) দৈর্ঘ্যের ডিফিয়ান্ট ক্লাস মেটাল শার্ক বোট এবং ১০টি ২৫ ফুট (৮ মিটার) দৈর্ঘ্যের ডিফেন্ডার ক্লাস বোট উপহার হিসেবে দিয়েছে। যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্ট গার্ডের সামুদ্রিক নিরাপত্তা অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশে উপকূলীয় এলাকা ও বাংলাদেশের আওতাধীন সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চলে নজরদারি, টহল ও হুমকি মোকাবেলার সামর্থ্য বৃদ্ধির লক্ষ্যে এই মেটাল শার্ক ও ডিফেন্ডার নৌযানগুলো উপহার দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই ২০টি বোট বাংলাদেশ কোস্টগার্ড এবং বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল অপারেশনস ফোর্সের অধীন স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ ইউনিটের সামুদ্রিক বাধা মোকাবেলা ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাব উন্নত ও জোরদার করবে। নতুন এই সামরিক সরঞ্জামগুলো ব্যবহার ও কাজে লাগানোর উপায় সম্পর্কিত প্রশিক্ষণের জন্য আগামীতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ যৌথ মহড়া পরিচালনা করবে।

রাষ্ট্রদূত মিলার বলেন, এই বোটগুলো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চলমান দীর্ঘকালের ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতার ইতিহাসে আরেকটি বড় উদাহরণ।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন