মেহেন্দিগঞ্জে মৎস্য কর্মকর্তাদের ওপর হামলা, ২৪ জনের বিরুদ্ধে মামলা

বরিশালের মেহেন্দিগঞ্জে মৎস্য কার্যালয়ের আভিযানিক দলের ওপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। নদীতে অভিযান পরিচালনার উদ্দেশ্যে যাওয়ার পথে সংঘটিত এ হামলায় মৎস্য দফতরের তিন কর্মচারী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার স্টিমারঘাট সংলগ্ন নির্মাণাধীন স্টেডিয়ামের পূর্ব পাশে লঞ্চঘাট-পাতারহাট প্রধান সড়কে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন মৎস্য কার্যালয়ের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আব্দুল্লাহ আল সিয়াম এবং চুক্তিভিত্তিক শ্রমিক নাজিম ও শামিম। এদের মধ্যে সিয়াম ও শামীম গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
আহত ফিল্ড অ্যাসিস্ট্যান্ট সিয়াম জানান, নদীতে অভিযান পরিচালনার জন্য তারা মোটরসাইকেলযোগে স্পিডবোট ঘাটের উদ্দেশ্যে রওনা হন। স্টিমারঘাট বালুর স্তূপের কাছে পৌঁছালে আগে থেকে অবস্থান করা বেশ কিছু দুর্বৃত্ত চলন্ত মোটরসাইকেলে তাদের ওপর সংঘবদ্ধভাবে এলোপাতাড়ি লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় তিনি মাথা, ঘাড় ও হাতে গুরুতর আঘাত পান।
এদিকে হামলার ঘটনায় উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানী বাদী হয়ে শুক্রবার (২৪ এপ্রিল) সকালে মেহেন্দীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১১ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখিত আসামিরা হলেন মোহাম্মদ হোসেন গাজী (৫০), আলমগীর সরদার (৫২), জহির মাতুব্বর (৩৫), মোস্তফা আকন (৩২), কবির আকন (৩৫), সবুজ ব্যাপারী (৪০), শহিদ ব্যাপারী (৩০), সাইফুল মুন্সী (৩৫), মান্নান ফকির (৩০), রবিউল মুন্সী (২৬), জামাল চৌকিদার (৩৫), সুমন সরদার (৩৫) ও মামুন সরদার (৪০)।
মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানি জানান, ‘খবর পেয়ে দ্রুত আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তারা বর্তমানে সবাই আশঙ্কামুক্ত রয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।’
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন বলেন, হামলার ঘটনায় ২৪ জনকে আসামি করে একটি মামলা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এইচকেআর