ডিজিএফআইয়ের আইসিটি প্রকল্পের কাজ দ্রুত শেষ করার সুপারিশ

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) টেলিযোগাযোগ ও আইসিটি অবকাঠামো প্রকল্পের কার্যক্রম দ্রুত শেষ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বুধবার (২৫ আগস্ট) জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪ম বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন, মো. মহিববুর রহমান এবং বেগম নাহিদ ইজাহার খান অংশ নেন। বৈঠকে ১৩ম বৈঠকের সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
কমিটিতে ডিজিএফআইর টেলিযোগাযোগ ও আইসিটি অবকাঠামো, মানবসম্পদ এবং কারিগরি সক্ষমতা প্রকল্প বিষয়ে আলোচনা হয়। এ প্রকল্পের কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্য কমিটি থেকে সুপারিশ করা হয়।
স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের গৃহীত কর্মসূচি বিষয়ে আলোচনা হয় এবং পরিকল্পিত অনুষ্ঠানগুলো যথাযথভাবে সম্পন্ন করার জন্য কমিটি থেকে সুপারিশ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদের অবসরের বয়সসীমা সম্পর্কিত প্রতিবেদনে বয়সসীমা অনুযায়ী তিন বাহিনীর পদক্রমের সমতার প্রস্তাবনায় সম্মতি দেয় কমিটি।
বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমবি