ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম

দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প

দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মারিয়াম আক্তার ॥

দেড় দশক ধরে আবাসন সংকট, শ্রেণিকক্ষের অপ্রতুলতা, ল্যাবরেটরির সীমাবদ্ধতা ও প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতিতে ধুঁকছে দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। এঅবস্থায় বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের, আধুনিক ও টেকসই ক্যাম্পাসে রূপান্তরের লক্ষ্যে শুরু হয়েছে হাজার কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্পের প্রাথমিক প্রস্তুতি। 

এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ৩ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে সমন্বিত ‘ফিজিবিলিটি স্টাডি’ বা সম্ভাব্যতা যাচাইয়ের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়,  প্রতিষ্ঠার দেড় দশক পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সংকট কাটেনি। ২৫টি বিভাগের ১৩০টির অধিক ব্যাচের শিক্ষার্থীদের বিপরীতে রয়েছে মাত্র ৩৬টি শ্রেণিকক্ষ। প্রয়োজনের তুলনায় নেই পর্যাপ্ত আধুনিক ল্যাবরেটরি। আবাসন সংকটও প্রকট। প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থীই হলের বাইরে থেকে পড়াশোনা করছেন। ফলে শ্রেণিকক্ষ, গবেষণা ও আবাসন—এই তিন ক্ষেত্রেই চাহিদার সঙ্গে বিদ্যমান সুযোগ-সুবিধার বড় ধরনের ঘাটতি রয়েছে।


বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই এসব সংকট সমাধানের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন সংকট নিরসনে তারা আরও ঐক্যবদ্ধ ও জোরালোভাবে দাবি জানান। এরই ধারাবাহিকতায় অবকাঠামোগত উন্নয়নের দাবিও নতুন করে সামনে আসে।

সংকট নিরসনের লক্ষ্যে গত বছরের অক্টোবরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পের সমন্বিত ফিজিবিলিটি স্টাডির প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পান কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ড. হাফিজ আশরাফুল হক। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে পরামর্শক প্রতিষ্ঠান শেলটেক কনসালটেন্ট (প্রাইভেট) লিমিটেডের সঙ্গে ফিজিবিলিটি স্টাডি সম্পন্নের চুক্তি স্বাক্ষর করেছেন তিনি।

প্রকল্প পরিচালক ড. হাফিজ আশরাফুল হক জানান, সমন্বিত ফিজিবিলিটি স্টাডির জন্য বরাদ্দ রয়েছে ৩ কোটি ৯ লাখ টাকা। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ই-জিপির মাধ্যমে কাজটি পেয়েছে পরামর্শক প্রতিষ্ঠান শেলটেক কনসালটেন্ট (প্রাইভেট) লিমিটেড। ২০২৫ সালের মাঝামাঝি এ সমীক্ষা প্রকল্প অনুমোদন পায়। গত ৩ সেপ্টেম্বর উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের উপস্থিতিতে পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর মাঠপর্যায়ের কাজ শুরু হয়েছে।

তিনি আরও জানান, সমীক্ষার আওতায় বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য একটি দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। পাশাপাশি নতুন একাডেমিক ও বিজ্ঞান ভবন, আধুনিক ল্যাবরেটরি, ছাত্র-ছাত্রীদের আবাসিক হল, কেন্দ্রীয় গ্রন্থাগারসহ বিভিন্ন স্থাপনার প্রয়োজনীয়তা ও সম্ভাব্যতা যাচাই করা হবে। এ ছাড়া মাটি পরীক্ষা, ডিজিটাল টপোগ্রাফিক সার্ভে, পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএ) এবং জলবায়ু ঝুঁকি মূল্যায়নও এ সমীক্ষার অন্তর্ভুক্ত থাকবে।

ফিজিবিলিটি স্টাডির প্রতিবেদন পাওয়ার পর এর ভিত্তিতে দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রণয়ন করা হবে। পরে অনুমোদনের জন্য তা একনেকের কাছে পাঠানো হবে। এ পর্যায়ে সরকারের কাছে ১ হাজার কোটি টাকা বা তার বেশি বরাদ্দ চাওয়ার লক্ষ্য রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

ববি শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে অবকাঠামো ও আবাসন সংকটে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। একটি পরিকল্পিত ও বাস্তবসম্মত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে শিক্ষার পরিবেশ ও গবেষণার সুযোগ বাড়বে। আমরা চাই, দ্রুত প্রকল্পটির বাস্তবায়ন শুরু করা হোক।

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ববি শাখার সভাপতি ভূমিকা সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান সংকট নিরসনে বড় পরিসরের উন্নয়ন প্রকল্প সময়ের দাবি। তবে শুধু পরিকল্পনা নয়, শিক্ষার্থীদের প্রকৃত চাহিদাকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতার সঙ্গে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

ববি উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, এ উন্নয়ন কার্যক্রমের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট দূর হবে। নতুন ভবন, আবাসিক হল, গবেষণা ও শিক্ষার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়লে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমেও গতি আসবে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ