ঢাকা রবিবার, ১৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে সড়কের পাশে বসবে না পশুর হাট

বরিশালে সড়কের পাশে বসবে না পশুর হাট
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জনদুর্ভোগ ও যানজট নিরসনে সড়ক ও মহাসড়কে পশুর হাট বসানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বরিশাল জেলা প্রশাসন। 

রোববার সকাল ১০টায়  জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে এমন নির্দেশনা দেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন।

জেলা প্রশাসক জানান, জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবার নির্ধারিত স্থান ছাড়া কোথাও পশুর হাট বসতে দেয়া হবে না। সড়ক দখল করে পশুর হাট বসালে যানজট সৃষ্টি হয় এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাই মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধ পশুর হাট বসালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সভায় আরো জানানো হয়, এ বিষয়ে ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়মিত তদারকির নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত ইজারাকৃত হাটে স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ও পরিচ্ছন্নতার বিষয় নিশ্চিত করা হবে। পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে জালটাকা শনাক্তকরণ মেশিন, পর্যাপ্ত পানি, পশু চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে।

সভায় জানানো হয়, শহরাঞ্চলে নির্ধারিত স্থানে কোরবানীর পশু জবাই করতে হবে। পশুর রক্ত, মল-মূত্র, নাড়িভূড়ি চারিদিকে ছড়িয়ে পরিবেশের ক্ষতি না করার জন্য সতর্ক করা হয়।

সমন্বয় সভায় জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক শমীর কুমার বসাক জানান, হিজলা ও মেহেন্দীগঞ্জ জলসীমায় ১১ জুন পর্যন্ত সামুদ্রিক মাছ ধরা নিষেধ। এই এলাকায় প্রতি জেলে পরিবারকে ৬০ কেজি করে চাল দেয়া হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. এস. এম. মনজুর-এ-এলাহী বাসস’কে জানান, বরিশালে হাম-রুবেলায় বর্তমানে কোন শিশুর প্রাণহানির ঘটনা নেই। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা যথাযথভাবে দায়িত্ব পালন করছেন। চিকিৎসাসেবা ব্যাহত না হয় সে জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

সড়ক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য বাজার ও জনবহুল এলাকায় গতিরোধক স্থাপন করা হবে।

এ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ