ভোলায় রাতের আঁধারে বিএনপি কার্যালয়ে আগুন

ভোলার লালমোহন উপজেলায় রাতের আঁধারে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের সামনের একটি পান দোকান পুড়ে গেছে।
তবে এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাদাপোল বাজারে অবস্থিত ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে আগুন কার্যালয়ের সামনের একটি পান দোকানে ছড়িয়ে পড়ে।
তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত করতে পারেননি স্থানীয়রা। আগুন বেশি ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আসে। এতে আশপাশের অন্যান্য স্থাপনা রক্ষা পায়।
ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। পরে কার্যালয়ের সামনে আগুনের চিহ্ন দেখতে পান। তার ধারণা, রাত আনুমানিক ১টার পর এ ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, বিএনপির কার্যালয়ে এ ধরনের অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে বের করা প্রয়োজন। তবে আমার প্রাথমিক সন্দেহ, নিষিদ্ধ ছাত্রলীগের লোকজন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সহিংসতার যেসব ঘটনা ঘটেছে, সেগুলোর সঙ্গে এ ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা দরকার।
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।
ঘটনার খবর পেয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
এইচকেআর