আগৈলঝাড়ায় পরিত্যক্ত অবস্থায় দুটি হাতবোমা উদ্ধার
বরিশালের আগৈলঝাড়ায় একটি মসজিদ-সংলগ্ন পরিত্যক্ত স্থান থেকে দুটি হাতবোমা উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের নুরে মদিনা মসজিদ-সংলগ্ন এলাকা থেকে বোমা দুটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, এসআই মাসুদ এবং ডিবি পুলিশের একটি দল স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছায়। পরে মসজিদ-সংলগ্ন পরিত্যক্ত স্থানে পড়ে থাকা দুটি হাতবোমা উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, নাশকতা কিংবা এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বোমা দুটি সেখানে রাখা হয়ে থাকতে পারে।
তবে কারা এবং কী উদ্দেশ্যে বোমা দুটি সেখানে রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, একটি মসজিদের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি হাত বোমা উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা এবং এর পেছনে কোনো নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
এইচকেআর