ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news

মেহেন্দিঞ্জেে মেঘনায় ঝড়ে নৌকাডুবি, খোঁজ মেলেনি দুই জেলের

মেহেন্দিঞ্জেে মেঘনায় ঝড়ে নৌকাডুবি, খোঁজ মেলেনি দুই জেলের
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে কালবৈশাখি ঝড়ের কবলে পড়ে একটি জেলে নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন। ঘটনার একদিন পেরিয়ে গেলেও এখনও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

রোববার (৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা নৌ পুলিশের ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল। এর আগে শনিবার (২ মে) বিকেলে উপজেলার দাদপুর পুরাতন ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন- মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তরচর গ্রামের আলম মালতিয়ার ছেলে শিপন (২০) এবং একই গ্রামের আবদুর রহিম সরদারের ছেলে জুয়েল সরদার (২১)।

নৌকা থেকে জীবিত ফিরে আসা জেলে মামুন জানান, বিকেলে তারা চারজন মিলে নদীতে জাল তুলছিলেন। হঠাৎ আকাশ কালো হয়ে প্রবল বেগে কালবৈশাখি ঝড় শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই প্রবল ঢেউয়ে নৌকাটি উল্টে যায় এবং চারজনই নদীতে পড়ে যান। এ সময় মামুন ও আজিম নামে দুই জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শিপন ও জুয়েল উত্তাল নদীর পানিতে তলিয়ে যান।


নিখোঁজ জুয়েলের স্বজন মো. আফসার হোসেন জানান, খবর পেয়ে তারা দ্রুত ট্রলার নিয়ে উদ্ধারকাজ শুরু করেন। তবে, নদীতে তীব্র স্রোত থাকায় রাত ১২টা পর্যন্ত তল্লাশি চালিয়েও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মো. স্বপন বাঘা বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়েছে।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজুর রহমান জানান, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


হিজলা নৌ পুলিশের ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল বলেন, নিখোঁজদের উদ্ধারে নদী তীরবর্তী এলাকায় মাইকিং করা হচ্ছে এবং নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিসের সঙ্গেও সমন্বয় করা হয়েছে। তবে এখনও তাদের সন্ধান মেলেনি।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন