বাবুগঞ্জে শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক রামকৃষ্ণ অধিকারীর স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবী

বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবী রামকৃষ্ণ অধিকারীর পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্য দৌহিত্র ডা. তূর্য অধিকারী বলেন, 'শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক রামকৃষ্ণ অধিকারী রংপুরের কারমাইকেল কলেজে অধ্যাপনা পেশায় কর্মরত ছিলেন।
তাকে ১৯৭১ সালের ৩০ এপ্রিল ঘাতকেরা তুলে নিয়ে নির্মম ভাবে হত্যা করে। কারমাইকেল কলেজসহ দেশের বিভিন্ন স্থানে স্মৃতিস্তম্ভ /স্মৃতি ফলক থাকলেও তার জন্মভূমি বাবুগঞ্জে রামকৃষ্ণ অধিকারীর স্মরণে কোন স্মৃতি স্তম্ভ নেই। আমরা তার পরিবারের পক্ষ থেকে বাবুগঞ্জে একটি স্মৃতি স্তম্ভ স্থাপনের দাবী জানাই'।
শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ উপলক্ষ্যে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান।
শিশু বিষায়ক কর্মকর্তা ইসমাইল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন, সাধারন সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার করিম হাওলাদার, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাড়ী প্রমুখ।
এসময় শহীদ অধ্যাপক রামকৃষ্ণ অধিকারীর পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
উল্লেখ্য রামকৃষ্ণ অধিকারী বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ বন্দরের বাসিন্দা রাইচরন ও সরলা দেবী দম্পতির ছোট ছেলে।
এইচকেআর