বরিশাল নগরীর চহুতপুর দীঘি ভরাট বন্ধ ও সংরক্ষণের দাবি

বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন তিন একরের শতবর্ষী দীঘিটি ভরাটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় স্থানীয় এলাকাবাসী, ‘বেলা’ এবং নগর উন্নয়ন ফোরামের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মসিউল আলম পলাশ, মঈন মোল্লা, তুষার সেন, সদস্য, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শুভংকর চক্রবর্তী, সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল আলম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বিভাগীয় সমন্বয়কারী লিঙ্কন বায়েন, নগর উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কাজী এনায়েত হোসেন শিবলু।
বক্তারা বলেন, দীর্ঘ বছর চহুতপুর এলাকাবাসী ও নথুল্লাবাদ বাস টার্মিনালের শ্রমিক দীঘির পানি তাদের গোসল ও দৈনন্দিন বিভিন্ন কাজে ব্যবহার করে আসছে। স্থানীয় জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি এলাকার সার্বিক পরিবেশ রক্ষায় দীঘিটি বিশেষ অবদান রেখে চলেছে।
এমনকি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অত্র এলাকার ঘরবাড়ীতে আগুন নিভানোর কাজেও ইতিপূর্বে এই দীঘির পানি ব্যবহার করেছে। কিছুৃদিন ধরে অসংখ্য ট্রাকের মাধ্যমে গভীর রাতে বালু ফেলে দীঘিটি ভরাট করা হচ্ছে। এই অপতৎপরতায় দীঘিটি হারিয়ে যেতে বসেছে, ধ্বংস হতে চলেছে এলাকার সার্বিক পরিবেশ।
তারা বলেন, দীঘিটি সরকারী গেজেটভূক্ত নগর মাস্টার প্লান-২০১০ সংরক্ষিত তালিকায় রয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনের উদাসীনতার কারনেই বরিশালের একের পর এক পুকুর, খাল, নদী দখল ও দূষণের কবলে পড়েছে। হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় এ শহরের জলাশয়-জলাভূমি রক্ষা করা জরুরী।
মানববন্ধন শেষে চহুতপুর দীঘি রক্ষার দাবী জানিয়ে জেলাপ্রশাসক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এইচকেআর