২২ মামলার আসামি হাতকাটা মামুনকে কুপিয়ে হত্যা

বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইউপি সদস্য ২২ মামলার আসামি জহিরুল ইসলাম মামুন ওরফে ‘হাতকাটা’ মামুনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
সোমবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুর রহমান।
সূত্রে জানা গেছে, গত বছরের ২১ এপ্রিল রাতে বাকেরগঞ্জ সোনাপুরা গ্রামের রবিউল ইসলাম রনি মোল্লাকে কুপিয়ে হত্যা এবং তার দুই ভাইকে কুপিয়ে গুরুত্বর জখমের ঘটনার মামলার প্রধান আসামি ছিল জহিরুল ইসলাম ওরফে হাত কাটা মামুন।
এছাড়া ২০১৬ সালের ১১ জুন ফরিদপুর ইউনিয়নের মহিউদ্দিন হাওলাদারকে কুপিয়ে হত্যা মামলারও এক নম্বর আসামি ছিল মামুন। এছাড়া তার বিরুদ্ধে খুন, সন্ত্রাসী ও চাঁদাবাজি, মাদকসহ নানান অভিযোগে বাকেরগঞ্জসহ আশপাশের বিভিন্ন থানায় ২২টি মামলা রয়েছে বলে সূত্রে জানা গেছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুর রহমান জানান, সোমবার রাত পৌনে ৯টার দিকে ইউপি সদস্য মামুনকে তার গ্রামে কিছু লোক কুপিয়ে মারাত্মক জখম করে। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশের টিম পাঠানো হয়েছে, কিন্তু স্থানটি দুর্গম হওয়ায় সেখানে পৌঁছাতে সময় লাগছে। বিস্তারিত পরবর্তীতে বলা সম্ভব হবে, জানিয়েছেন ওসি।
এইচকেআর