বরিশালের ৬টি আসনে ৩৪ জনের মনোনয়ন সংগ্রহ

উৎসব মুখর পরিবেশে বরিশালের ছয়টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। বরিশালে রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী ও তাদের সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেন। মঙ্গলবার পর্যন্ত জেলার ৬টি আসনে মোট ৩৪ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন। এছাড়া দাখিল করেছেন একজন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, মঙ্গলবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সদর আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এর আগে সোমবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বরিশাল আসনে বর্তমান সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের পক্ষে মনোয়নপত্র সংগ্রহ করেন তার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।
মঙ্গলবার বেলা ১১ টায় রিটার্নিং অফিসার শহিদুল ইসলামের কাছে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দেন ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ মো. টিপু সুলতান। এসময় তার সাথে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল হক নিলুসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর পর বেলা সাড়ে ১১ টায় বরিশাল-৪ আসনে মনোনয়ন সংগ্রহ করেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ। তার পক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করেন আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমটির সদস্য সৈয়দ মনির।
বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, ‘জেলার ৬টি সংসদীয় আসনে এখন পর্যন্ত ৩৪টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এছাড়া ওয়ার্কার্স পার্টির একজন প্রার্থী তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
তিনি আরো জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নির্দেশনা দিয়েছে আচরণ বিধি প্রতিপালনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়ে। এরই মধ্যে তারা ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিটি করপোরেশন ও উপজেলা ভিত্তিক নিয়োগ করা হয়েছে। এর বাইরে সমগ্র জেলার জন্য দুই নির্বাহী ম্যাজিস্ট্রেককে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।
এমএন