দাবিকৃত টাকা না পেয়ে ইয়াবা দিয়ে কলেজছাত্রকে ফাঁসানোর অভিযোগে এসআই ক্লোজড

বরিশালে দাবিকৃত টাকা না পেয়ে আব্দুল্লাহ বিন লাদেন নামের এক কলেজছাত্রকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) রেদওয়ান হোসেন রিয়াদকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম। তিনি বলেন, পুরো ঘটনাটি উপ-পুলিশ কমিশনারকে (উত্তর) খতিয়ে দেখতে বলা হয়েছে। তিনি কাজ করছেন। প্রাথমিক তদন্তে এসআই রিয়াদ যে নিজ থানা এলাকার বাইরে গিয়েছিলেন, তা উঠে এসেছে। তাই তাকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী লাদেনের বাবা মোসলেম জমাদ্দার। তিনি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের চরফেনুয়া এলাকার বাসিন্দা। তার ছেলে আব্দুল্লাহ বিন লাদেন আলেকান্দা সরকারি কলেজের এইচএসসি প্রথমবর্ষের ছাত্র। মঙ্গলবার (২১ নভেম্বর) তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের অভিযোগে এসআই রিয়াদের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় জামিন আবেদনের পর বৃহস্পতিবার তাকে মুক্তি দেওয়া হয়েছে।
এরআগে জমি সংক্রান্ত এক মামলায় আদালতে হাজিরা দিতে মঙ্গলবার সকালে ‘উপবন’ লঞ্চযোগে শ্রীপুর থেকে বরিশালের লঞ্চঘাটে আসেন মোসলেম ও তার ছেলে আব্দুল্লাহ। কোতোয়ালি মডেল থানার লঞ্চঘাটের গেট থেকে বের হওয়ার সময় আইনের লোক পরিচয় দিয়ে এসআই রেদওয়ান হোসেন রিয়াদ ও তার সঙ্গে থাকা আরেকজন বাবা-ছেলেকে তল্লাশি করেন। এরপর মাদক উদ্ধারের নামে দিনভর তাদের সঙ্গে নিয়ে নগরের বিভিন্ন জায়গায় ঘুরে এক লাখ টাকা দাবি করেন রিয়াদ। ওই টাকা নিতে তিনি বিকাশ নম্বর দেন এবং বাবাকে ছেড়ে দিয়ে ছেলেকে কাউনিয়া থানায় আটক রাখেন।
এমএন