আগৈলঝাড়ায় গাছের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

বরিশালের আগৈলঝাড়ায় গাছের লাকড়ি কিনতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে হায়দার ফকির (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধ উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের মৃত অহিলদ্দিন ফকিরের ছেলে।
মঙ্গলবার দুপুরে বাকাল ইউনিয়নের বাকাল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাকাল গ্রামের কালাম ফকিরের কয়েকটি গাছ ক্রয় করে ব্যবসায়ী মনির মোল্লা নিজে একজন শ্রমিক নিয়ে গাছ কাটছিলেন।
এসময় একই এলাকার হায়দার ফকির ওই গাছের লাকড়ি কেনার জন্য গাছের কাছে যায়। এ সময় গাছের একটি ডাল হায়দার ফকিরের মাথায় উপর ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোর্শেদ সজিব তাকে মৃত ঘোষণা করেন।
আগৈলঝাড়া থানার উপ পরিদর্শক (এসআই) সফিক উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিকেলে বরিশাল শেরই-বাংলা মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের মেয়ে নুরুন্নাহার বেগম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
এইচকেআর