গৌরনদী পৌর যুবলীগের সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বহিস্কার

আভ্যান্তরিণ কোন্দল ও এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে নিজ দলীয় তিন নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগে গৌরনদী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৩নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল আমিন হাওলাদার ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ হাওলাদারকে মঙ্গলবার দুপুরে দলীয় পদ-পদবী থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে সামাজির যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া উপজেলা আওয়ামী যুবলীগের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ খবর জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার উপজেলা যুবলীগের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার দায়ে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ হাওলাদারকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে। বিবৃতিতে স্বাক্ষর করেছেন গৌরনদী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব আলম।
দুই যুবলীগ নেতার বহিস্কারের সত্যতা নিশ্চিত করে গৌরনদী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আনিসুর রহমান বলেন, কসবায় তিন যুবলীগ নেতাকে কুপিয়ে আহত করাসহ সব কিছু মিলিয়ে সংগঠন বিরোধী কার্যকলাপের দায়ে তাদেরকে বহিস্কার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর বুধবার বিকেলে গৌরনদী উপজেলার কসবা মসজিদ এলাকায় বসে পিস্তল ও ধারালো অস্ত্র নিয়ে গৌরনদী পৌর যুবলীগের সহ-সম্পাদক কাওছার ফকির, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ইমাত খান ও সদস্য রায়হান ফকিরকে বহিস্কৃত যুবলীগ নেতা আল আমিন হাওলাদার, রাশেদ হাওলাদার ও তাদের সহযোগীরা কুপিয়ে জখম করে।
এইচকেআর