গৌরনদীতে গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আরও ২ আসামি গ্রেফতার

বাবার বাড়িতে যাবার পথে গৌরনদীতে খেয়া পারাপারের টাকা তোলার ঘরে এক গৃহবধুকে (২০) রাতভর সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ দায়েরকৃত ধর্ষণ মামলার এজাহারভূক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
এরা হলেন, উপজেলার শরিকল ইউনিয়নের সাহেবেরচর গ্রামের নেছারউদ্দিন হাওলাদারের ছেলে জামাল হাওলাদার (৩৮), একই গ্রামের মৃত হারুন মৃধার ছেলে ও খেয়া ঘাটের মাঝি মিরাজ মৃধা (৪৫)। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার সাহেবেরচর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে গৌরনদী থানায় সোপর্দ করেছে বরিশাল র্যাব-৮এর সদস্যরা।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদীর শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক ফোরকান আহম্মেদ জাানন, গৃহবধুকে গণধর্ষণের ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে তিনজনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩ জনকে আসামি করে গত শনিবার রাতে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ওই মামলার এজাহারভূক্ত আসামি জামাল হাওলাদার , মিরাজ মৃধাকে আটক করে রোববার গভীর রাতে থানায় সোপর্দ করেছে র্যাব।
আটককৃত ওই ২ আসামিকে সোমবার দুপুরে বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আাদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ নিয়ে গৃহবধুকে গণধর্ষণ মামলার এজাহারভূক্ত তিন আসামিই গ্রেফতার হয়েছে বলে জানান পরিদর্শক ফোরকান আহম্মেদ।
এইচকেআর