বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুম সংকট : ছয় ব্যাচের জন্য এক রুম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর প্রবেশপথে দাঁড়িয়ে আছেন একদল শিক্ষার্থী। প্রবেশ পথে দাঁড়িয়ে থাকায় অন্য শিক্ষার্থীদের ভেতরে প্রবেশ করতে ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা জানান, একটুপর তাদের ক্লাস শুরু হবে। ক্লাসরুমে অন্যদের ক্লাস হচ্ছে তাই তারা দাঁড়িয়ে আছেন। তরা সবাই লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী। এই বিভাগের চলমান ৬টি ব্যাচের জন্য রয়েছে মাত্র ১টি ক্লাসরুম।
ফলে নিয়মিত ক্লাস নিতে হিমশিম খেতে হয় শিক্ষকদের। এই চিত্র শুধু লোকপ্রশাসন বিভাগেরই নয় এটা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিভাগেরই চিত্র। এর মধ্যে আবার নিত্যনতুন বিভাগ খুলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এছাড়াও এক ব্যাচের ক্লাস নেওয়ার সময় একাধিক ক্লাসরুম না থাকায় পরবর্তী কয়েকটি ব্যাচের শিক্ষার্থীদের ক্লাসরুমের সামনে ক্লাসের অপেক্ষায় দাড়িয়ে থাকতে হয়। কোলাহলের কারনে ভিতরে ক্লাস নিতে সমস্যা হয় শিক্ষকদের। মনযোগ দিতে পারেন না শিক্ষার্থীরা। ভিড় ঠেলে শিক্ষকদের কক্ষে যেতে হয়।
জানা যায়, ক্লাসরুম সংকটের কারনে শিক্ষকরা ঠিকমতো ক্লাস নিতে পারেন না। এতে অনেকেই কোর্সের সিলেবাস পুরোপুরি শেষ না করেই পরীক্ষা নিয়ে নেন।
এছাড়াও শিক্ষক সংকট থাকায় তাদের বিভিন্ন ব্যাচের ক্লাস নিতে হচ্ছে। আবার পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কক্ষ নিয়ে চিন্তিত থাকতে হচ্ছে। একই সাথে অনেক ক্লাস ও পরীক্ষার খাতা দেখতে হচ্ছে। ফলে তাদের গবেষণার কাজ ব্যাহত হচ্ছে। এছাড়াও শিক্ষার্থীদের একদিনে টানা তিন থেকে চারটি ক্লাস করাতে হচ্ছে। শিক্ষার্থীর গুনগত শিক্ষা পাচ্ছে না।
শিক্ষকরাও পর্যাপ্ত সময় নিয়ে সঠিক সময়ে কোর্স শেষ করার সুযোগ পাচ্ছেন না বলে সেশনজট বৃদ্ধি পাচ্ছে। আবার সঠিক সময়ে সেমিস্টার শেষ করতে না পারায় এক বর্ষে দুই ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস করছেন।
বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের আওতায় ২৫টি বিভাগ রয়েছে। এই পঁচিশটি বিভাগের জন্য পাঁচতলা বিশিষ্ট একটি ভবনের দুইটি ব্লককে একাডেমিক ভবন-১ ও একাডেমিক ভবন-২ নামে বরাদ্দ দেওয়া হয়েছে। যেখানে ২৫টি বিভাগের জন্য মোট ক্লাসরুম রয়েছে ৩৬ টি ও ল্যাব রয়েছে ৩১ টি।
এদের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের আওতাধীন ৫টি বিভাগ যথাক্রমে অর্থনীতি বিভাগ, সমাজবিজ্ঞান বিভাগ, লোকপ্রশাসন বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জন্য মাত্র ১টি করে ক্লাসরুম বরাদ্দ দেওয়া হয়েছে এবং অনুষদের জন্য সম্মিলিত একটি কক্ষ বরাদ্দ রয়েছে। সমাজকর্ম বিভাগ ২০২২ সালে যাত্রা শুরু করে। একাডেমিক ভবনে ক্লাসরুম না থাকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির তৃতীয় তলায় ক্লাসরুম ও অফিসকক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে। কলা ও মানবিক অনুষদের অন্তর্ভুক্ত ইংরেজি বিভাগ ও ইতিহাস বিভাগের জন্য ১ টি ক্লাসরুম, এবং বাংলা বিভাগের জন্য ২ টি ক্লাসরুম বরাদ্দ থাকলেও ২৫০৫ নং কক্ষ বাংলা বিভাগ ও আইন বিভাগকে যৌথ ভাবে বরাদ্দ দেওয়া হয়েছে।
কিন্তু দর্শন বিভাগের জন্য কোনো ক্লাসরুম বরাদ্দ দেওয়া হয় নি। অন্য বিভাগের রুম খালি থাকা সাপেক্ষে শিডিউল করে ক্লাস নেয় বিভাগটি। বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিস অনুষদের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের জন্য ২টি ক্লাসরুম বরাদ্দ থাকলেও মার্কেটিং বিভাগ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগগুলোর জন্য মাত্র ১ টি করে ক্লাসরুম বরাদ্দ দেওয়া হয়েছে।
ক্লাসরুম সংকটের কারণে প্রশাসনিক ভবনে বিজনেস অনুষদের ৪টি বিভাগের জন্য ১টি ক্লাসরুম বরাদ্দ দেওয়া হয়েছে। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের গণিত বিভাগের জন্য ২টি ক্লাসরুম ও ২টি ল্যাব, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য শুধু ৬টি ল্যাব, রসায়ন বিভাগের জন্য ১টি ক্লাসরুম ও ২টি ল্যাব, পদার্থবিজ্ঞান বিভাগের জন্য ২টি ক্লাসরুম, ২টি ল্যাব, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের জন্য ২টা ক্লাসরুম ও ২ টি ল্যাব এবং পরিসংখ্যান বিভাগের জন্য ১টি ক্লাসরুম ও ১টি ল্যাব রয়েছে।
জীববিজ্ঞান অনুষদের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ক্লাসরুম ২ টি, ল্যাব ৩ টি, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২টি ক্লাসরুম, কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ১ টি ক্লাসরুম ও ১টি ল্যাব।
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী রাব্বি খান বলেন, বিভাগে মাত্র একটা ক্লাস রুম থাকার কারণে একসাথে একাধিক ব্যাচের ক্লাস নেয়া সম্ভব হয় না। এক ব্যাচের ক্লাস হলে অন্য ব্যাচের ছাত্র-ছাত্রীদের বাহিরে দাঁড়িয়ে থাকতে হয়।
শিক্ষকরাও সিলেবাস শেষ করার জন্য যথেষ্ট সময় পান না। সময়মতো পরীক্ষা নিতে পারেন না।
রসায়ন বিভাগের শিক্ষার্থী শাহীন আলম বলেন, আমাদের শিক্ষার্থীদের তুলনায় ল্যাব রুমের সংকট রয়েছে। অনেক যন্ত্রপাতিও নেই। ল্যাব সংকটের কারণে আমাদের গ্রুপে কাজ করতে হচ্ছে। ফলে আমরা ব্যবহারিক কাজ থেকে বঞ্চিত হচ্ছি।
মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিলান সরদার বলেন, ক্লাস সংকট আমাদের একটা মারাত্মক সমস্যা। বেশিরভাগ বিভাগেই একটা করে ক্লাসরুম। তবে কোন কোন বিভাগে ২টা তাও আবার এক সাথে নয়।
প্রায় সময় ৫/৬টা ব্যাচের দাঁড়িয়ে থাকতে হয়। এতো গুলা ব্যাচ ক্লাস রুম মাত্র একটা, তাই শিক্ষকরা নিয়মিত ক্লাস নিতে পারেন না। যার কারণে সেশনজটের সৃষ্টি হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদের একাডেমিক প্রধান হলেন ডিন। ‘ তাদের জন্যও নেই আলাদা কক্ষ।
এছাড়াও বিশ্ববিদ্যালয়টিতে ২০১ জন শিক্ষক থাকলেও তাদের একক রুম নেই। এক কক্ষে ৩-৪ জন শিক্ষককে ভাগাভাগি করে বসতে হচ্ছে।
গণিত বিভাগের চেয়ারম্যান ড. সাখাওয়াত হোসেন বলেন, আমাদের একটা নিদিষ্ট রুটিন করা আছে। সব রুটিন এমনভাবে করা যে কোনো একটি কারনে ক্লাস মিস হলে ক্লাসরুম সংকটের কারণে ঐ ক্লাস পরবর্তীতে নেওয়া কঠিন হয়ে পড়ে। ক্লাসরুম সংকটের মধ্যেই আমরা আমাদের শিক্ষার্থীদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। তবে ক্লাসরুম সংকট একদিনে শেষ হবে না।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন বলেন, সিডিউল অনুযায়ী ক্লাস নিলে ক্লাসরুম সংকটে কোনো সমস্যা হয় না। কিন্তু সিডিউল মিস করলে ব্যাকআপ ক্লাস নিতে সমস্যা হয়। তবে দ্বিতীয় ফেজের কাজ হয়ে গেলে এ সমস্যা থাকবে না বলে আশা করা যায়।
এ বিষয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড.বদরুজ্জামান ভূঁইয়া বলেন, এ বিষয়ে ব্যাপক উদ্যোগ নেওয়া জরুরি হয়ে গেছে। এ সকল সংকট থেকে উত্তরনের জন্য বিষয়গুলো ভিসি মহোদয়কে অবগত করেছি।
এ বিষয়ে উপাচার্যকে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরে ক্ষুদে বার্তা পাঠালেও উত্তর দেননি।
আরজেএন