আগৈলঝাড়ায় নববধুর লাশ উদ্ধার

আগৈলঝাড়ায় এক নববধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নববধুর ভাই বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনা অভিযোগে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের পরে পুলিশ অভিযান চালিয়ে স্বামীকে গ্রেফতার করেছে।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের রত্নপুর গ্রামের খোকন খাঁর ছেলে নয়ন খাঁর সাথে প্রেম করে পাশ্ববর্তী গৌরনদী উপজেলার লক্ষণকাঠী গ্রামের আতাহার শেখের মেয়ে মীম আক্তার (১৮) সাথে দুই মাস পূর্বে বিয়ে হয়।
বিয়ের পর থেকে বিভিন্ন কারনে মীমকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল স্বামী নয়ন খাঁ ও তার পরিবারের লোকজন। গতকাল রোববার দুপুরেও তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী নয়ন ও তার পরিবারের লোকজনের মীমের মোবাইল ফোন ব্যবহার ও পারিবারিক বিষয় নিয়ে কথা কথাকাটাকাটি হয়।
তখন মীমকে গলায় রশি দিয়ে মরতে বলেন স্বামী ও তার পরিবারের লোকজন। একারনে স্বামী ও পরিবারের উপর অভিমান করে ঐদিন বিকেলে মীম আক্তার টয়লেটের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। লোকজন দেখে পুলিশকে সংবাদ দিলে আগৈলঝাড়া থানার এসআই আলী হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এঘটনায় মীম আক্তারের ভাই আরিফ শেখ বাদী হয়ে থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামীসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করে। মামলা দায়েরের পরে পুলিশ অভিযান চালিয়ে নিহত মীম আক্তারের স্বামী নয়ন খাঁকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত নয়ন খাঁকে সোমবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। লাশের পোষ্টমর্টেমের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মাজাহারুল ইসলাম।
এইচকেআর